শিরোনাম দেখে হয়তো অনেকে ভাবছেন, ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে লিওনেল মেসির মধ্যে খেলা হলো কবে! সম্প্রতি লড়াই তো হলো আর্জেন্টিনা বনাম ইতালির মধ্যে। ফিফা স্বীকৃত ‘ফিনালিসিমা’ নামের আন্তঃমহাদেশীয় ম্যাচে শেষ হাসি হেসেছে লা আলবিসেলেস্তেরা।
তাতেই শিরোপা সংখ্যায় রোনালদোর পাশে বসলেন মেসি। দুজনের আন্তর্জাতিক শিরোপা এখন সমান দুটি করে। অবশ্য দুজনের মধ্যে লড়াই যে হচ্ছে না তা নয়; গত এক দশকের বেশি সময় ধরে শ্রেষ্ঠত্বের সিংহাসনের জন্য লড়ছেন দুজনে। ক্লাব ক্যারিয়ার ও ব্যক্তিগত অর্জন দুজনের এত বেশি যে, ধারেকাছে নেই কেউ।
তবে আন্তর্জাতিক ফুটবলে অপ্রাপ্তি আছে রোনালদো-মেসির। এখনো বিশ্বকাপ ছুঁয়ে দেখা হয়নি তাদের। অবশ্য সেই আক্ষেপ এখন একটু হলেও কমেছে। এক বছরের ব্যবধানে দুটি আন্তর্জাতিক শিরোপা জিতেছেন মেসি। গত বছরের জুলাইয়ে কোপা আমেরিকার পর এবার ফিনালিসিমা জিতলেন তিনি। অন্যদিকে রোনালদো ২০১৬ সালে ইউরো জয়ের ২০১৯ সালে জেতেন উয়েফা নেশন্স লিগ।
মঙ্গলবার রাতে ওয়েম্বলিতে ফিনালিসিময়ায় ইতালিকে ৩-০ গোলে উড়িয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। যেখানে দুই গোলে অ্যাসিস্ট মেসির। কাতার বিশ্বকাপেও ফেবারিট হিসেবে যাবে আর্জেন্টিনা। এবার কি ছুঁয়ে দেখতে পারবেন অধরা স্বপ্নকে? ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের মেসিদের স্বপ্ন ভেঙেছিল জার্মানির হাতে।
রোনালদোও অপেক্ষায় আছেন পর্তুগালের হয়ে শেষ বিশ্বকাপ খেলার। ৩৭ বছর যে হয়ে গেলো তার। পর্তুগাল হয় ফেবারিট হিসেবে থাকবে না কাতার বিশ্বকাপে। তবে পড়ন্ত বেলায় যদি সিআর সেভেন জ্বলে ওঠেন, পর্তুগিজদের জন্য কোনো কিছু অসম্ভব নয়।
