ভারতের নামকরা রিয়্যালিটি-শো বিগ বসের প্রতিযোগী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল, দেশের মডেলিং জগতের পরিচিত মুখ আসিফ আজিম এবার নেমেছেন রাজনীতির মাঠে। নিজ এলাকা মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে লড়বেন তিনি। দলীয় মনোনয়ন না পাওয়ায় নির্বাচনে অংশ নেবেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে।
সদ্য ঘোষিত মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের মনোনয়ন পেতে দিন-রাত কাজ করেছেন আসিম আজিম। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গেও ছুটতে দেখা গেছে তাকে। তার পরও পাননি দলীয় মনোনয়ন। তবে হাল ছাড়তে নারাজ বাংলাদেশের এ সুপার মডেল। আসিফ আজিম আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন নৌকা মনোনীত প্রার্থীসহ মোট তিনজনের সঙ্গে।
আসিফ আজিম জানিয়েছেন, ভোটারদের প্রত্যক্ষ ভোটে জয়ী হয়ে সেবার মাধ্যমে থাকতে চান সাধারণ মানুষের পাশে। সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের তরুণ ভোটারদের মধ্যে তাকে ঘিরে আছে উন্মাদনা। প্রতিদিনই ছুটছেন ভোটারদের দুয়ারে দুয়ারে।
আসিফ আজিম গণমাধ্যমকে বলেন, ‘আমি মডেল হিসেবে আন্তর্জাতিক অঙ্গন জয় করেছি। এবার জনগণের সেবার মাধ্যমে তাদের মন জয় করতে চাই। আমি আশাবাদী জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে আমাকে আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করবে।’
