ভারতে বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে রেকর্ডসংখ্যক কভিড রোগী শনাক্ত হয়েছে, এতে দেশটিতে এক দিনে প্রায় এক মাসের মধ্যে সর্বোচ্চ রোগী পাওয়া গেছে। গত বুধবার রাতে শহরটি ৭৩৯ জন রোগী শনাক্ত হওয়ার কথা জানায়। অথচ দুদিন আগেই শহরটিতে ৩১৮ জন রোগী শনাক্ত হয়েছিল।
গতকাল বৃহস্পতিবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে আগের ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭১২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এটি দেশটিতে প্রায় এক মাসের মধ্যে শনাক্ত হওয়া দৈনিক রোগীর সর্বোচ্চ সংখ্যা। মুম্বাইয়ে বাড়তে থাকা কভিড সংক্রমণের কারণেই এমনটি হয়েছে।
বুধবার রাতে মহারাষ্ট্র রাজ্যের কভিড-১৯ টাস্কফোর্সের সদস্য শশাঙ্ক জোশি বলেন, মুম্বাইয়ের গ্রাফ প্রবণতা মৃদু ওমিক্রন ভ্যারিয়েন্টের একটি নীরব ঢেউ দেখাচ্ছে।
মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপি সাংবাদিকদের বলেছেন, হাসপাতালে রোগীর সংখ্যা বাড়েনি। লোকজন বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকছে আর সেখানেই সুস্থ হয়ে উঠছে। উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।
নগরীটির পৌর কর্র্তৃপক্ষ তাদের দৈনিক কভিড-১৯ প্রতিবেদনে জানিয়েছে, মুম্বাইয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা কম আর বুধবার শনাক্তদের ৯৬ শতাংশ উপসর্গবিহীন।
২০২১-এ মহামারীর প্রাণঘাতী দ্বিতীয় ঢেউয়ে প্রথম ক্ষতিগ্রস্ত হওয়া শহরগুলোর মধ্যে মুম্বাই অন্যতম, কিন্তু ভালোভাবে সংকট সামাল দিয়ে শহরটি প্রশংসিত হয়েছিল। তবে এখন আবার বাড়তে শুরু করেছে সংক্রমণ। মহামারী শুরু হওয়ার পর থেকে ভারতে ৪ কোটি ৩০ লাখেরও বেশি কভিড রোগী শনাক্ত হয়েছে আর তাদের মধ্যে ৫ লাখ ২৪ হাজার ৬৪১ জনের মৃত্যু হয়েছে।
