ফখরুল বললেন

খাদ্যপণ্যের দাম বাড়ছে সরকারের কারসাজিতেই

আপডেট : ০৩ জুন ২০২২, ০১:৪১ এএম

সরকারের কারসাজিতেই খাদ্যপণ্যের দাম বাড়ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘সরকার নিজেই এই মূল্যবৃদ্ধি করার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করছে এবং তাদের কারসাজিতেই আজকে খাদ্যপণ্য বলুন, খাদ্যদ্রব্য বলুন এর মূল্যবৃদ্ধি পাচ্ছে এবং জনগণের দুর্ভোগ হচ্ছে।’ গতকাল বৃহস্পতিবার রাজধানীর বাসাবোতে হেলথ এইড ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালে ছাত্রদল নেতাদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

গতকাল দুপুরে গত ২৪ ও ২৬ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় গুরুতর আহত ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদ ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহহিয়া ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নেতা শাহাবুদ্দিন শিহাবকে দেখতে যান বিএনপি মহাসচিব। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।

চাল, দুধ, পাউরুটিসহ খাদ্যপণ্যের দাম বৃদ্ধির পরিস্থিতি তুলে ধরতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আটা, ময়দা, দুধ, পাউরুটির দাম বেড়েছে। অথচ আমাদের গরিব লোকরা বেশির ভাগ রিকশাশ্রমিক যারা, তারা দিনের বেলা রিকশা চালিয়ে ফুটপাত থেকে একটা কলা ও পাউরুটি খান। আজকে সেই রুটির দাম ডাবল হয়ে গেছে, তিন গুণ হয়ে গেছে। চালের দাম ১০ থেকে ১৫ টাকায় উঠে গেছে।’

মির্জা ফখরুল বলেন, ‘আজকে ঠিক একইভাবে খাদ্যশস্য যেটা মানুষের বেশি দরকার সেটাকে তারা অন্যায়ভাবে দাম বাড়াচ্ছে, মজুদ করছে, আটকে রাখছে। আর্টিফিশিয়াল একটা ক্রাইসিস তৈরি করে তারা বাজারে দামটা বাড়িয়ে দিচ্ছে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আওয়ামী লীগ সরকার সন্ত্রাসের মধ্য দিয়ে ক্ষমতাকে ধরে রাখতে চায়, জনগণের ভালোবাসায় নয়। এটা হচ্ছে তাদের মৌলিক চরিত্র। বাংলাদেশের মানুষ মনে করে এই নির্বাচন কোনো মতেই আওয়ামী লীগের ক্ষমতায় থাকা সম্ভব না।’

এ সময় ক্ষমতাসীনদের সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধে গড়ে তোলার আহ্বানও জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ আর কোনো ধরনের সন্ত্রাসকে প্রশ্রয় দেবে না। জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্য দিয়েই এ সন্ত্রাসকে পরাজিত করে জনগণের বিজয় ঘোষিত হবে।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধাসহ স্থানীয় নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত