‘শ্রেণিভেদ ভাঙি শোষিতের রোষে, সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে’ এই স্লোগান নিয়ে রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে শুরু হয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২২তম জাতীয় সম্মেলন। গতকাল বৃহস্পতিবার তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন আলোচিত বিজ্ঞানশিক্ষক হৃদয় চন্দ্র মন্ডল।
বক্তারা বলেন, অনাচার ও সাংস্কৃতিক বিপন্নতার বিরুদ্ধে, পুঁজি, পুরুষতন্ত্র, ভোগবাদ ও সাম্প্রদায়িক সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে লড়াই গড়ে তোলা ছাড়া মুক্তি অসম্ভব। উদীচী এই লড়াই অব্যাহত রাখবে এবং সাংস্কৃতিক ও রাজনৈতিক অবক্ষয়ের এই দুঃসময়ে উদীচীকে যথাযথ ভূমিকা পালন করতে হবে।
জাতীয় সংগীত ও সংগঠন সংগীতের সঙ্গে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় সম্মেলন। এসময় উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদুকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন নাট্যজন মামুনুর রশীদ, অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, শিক্ষাবিদ ড. জাফর ইকবাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, কবি গোলাম কিবরিয়া পিনু ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সমন্বয়কারী নিখিল দাস। এছাড়া আলোচনায় অংশ নেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি ড. শফিউদ্দিন আহমেদ, সহসভাপতি অধ্যাপক বদিউর রহমান, সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন।
আলোচনা অনুষ্ঠানের পর বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এরপর উদ্বোধনী সাংস্কৃতিক পরিবেশনায় ছিল শংকর সাঁওজালের গ্রন্থনা ও নির্দেশনায় উদীচীর শিল্পীদের বিশেষ পরিবেশনা ‘ফিরে চাই সম্প্রীতি সাম্যের গান, পূর্ণ সংবিধান’। একে একে পরিবেশিত হয় বিভাগীয় এবং আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনা। আবৃত্তি পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আশরাফুল আলম, রেজিনা ওয়ালী লীনা, মিজানুর রহমান সুমন। সংগীত পরিবেশন করেন গণসংগীতশিল্পী আরিফ রহমান, হাবিবুল আলম। ছিল সাজু আহমেদের পরিচালনায় কত্থক নৃত্য।
