প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘মালয়েশিয়ার সঙ্গে আমরা একটি সমঝোতায় পৌঁছাতে পেরেছি। আশা করছি জুন মাসের মধ্যেই (চলতি মাস) আমরা মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু করব।’
গতকাল বৃহস্পতিবার নিজ দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী এ তথ্য জানান।
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ‘চুক্তি অনুযায়ী প্রথম বছরেই দুই লাখ কর্মী যাওয়ার কথা। এ ছাড়া পাঁচ বছরে পাঁচ লাখ কর্মী যাওয়ার কথা। কিন্তু তাদের চাহিদা এবং পরিস্থিতি অনুযায়ী আশা করি পাঁচ লাখ কর্মী আমরা দ্রুত পাঠিয়ে দিতে পারব। মালয়েশিয়াকে আমরা আমাদের সব বৈধ রিক্রুটিং এজেন্সির তালিকা দিয়েছি। আমাদের যে ১ হাজার ৫২০ এজেন্সি আছে, তাদের সবার তালিকাই আমরা দিয়েছি। এবার তারাই তাদের সিদ্ধান্ত নেবে।’
শূন্যে খরচে কর্মী নেওয়ার বিষয়টি পরিষ্কার করতে গিয়ে ইমরান আহমদ বলেন, ‘সম্ভাব্য ব্যয়টা নির্ধারণ করা না হলেও আগের তুলনায় খরচ কম হবে বলে আশা করছি। এটা নিশ্চিত করবে দেশটি। কোনো এজেন্সি যদি নিয়মের বাইরে যায়, সে ক্ষেত্রে মালয়েশিয়ায় তারা তাদের মতো এবং আমরা আমাদের মতো ব্যবস্থা নেব।’
তিনি বলেন, মেডিকেল, পাসপোর্ট ও করোনা টেস্টের খরচ কর্মী বহন করবে এবং মালয়েশিয়ায় গিয়ে কোয়ারেন্টাইনের খরচও কর্মীকে বহন করতে হবে। কর্মীদের যাওয়া-আসার বিমান খরচ বহন করবেন মালয়েশিয়ার নিয়োগকর্তা।
সমঝোতার আলোকেই সব বিষয় করা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘মালয়েশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে আলাদা চুক্তি রয়েছে। সেগুলো নিয়ে আমি বলতে পারব না। আমি আমাদের কথা বলতে পারব।’
এ সময় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, কর্মীদের বেতন সর্বনি¤œ ১৫০০ হাজার রিঙ্গিত হবে। এ ছাড়া কর্মী থাকা ও চিকিৎসাসহ অন্যান্য সুবিধা থাকবে।
এর আগে মালয়েশিয়ায় শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক হয়। ঢাকায় এ বৈঠকে মালয়েশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান এবং বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
২০২১ সালের ১৯ ডিসেম্বর শ্রমিক পাঠানোর বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করে বাংলাদেশ। সে সময় আশা করা হয়েছিল, দ্রুতই বাংলাদেশি শ্রমিকদের জন্য দেশটির শ্রমবাজার উন্মুক্ত হবে।
সমঝোতা স্মারক অনুযায়ী, কর্মী নেওয়ার বিমান ভাড়াসহ মালয়েশিয়া অংশের যাবতীয় খরচ বহন করবেন নিয়োগদাতা। আর বাংলাদেশে পাসপোর্ট করা, মেডিকেল, কল্যাণ বোর্ড সদস্য ফিসহ আনুষঙ্গিক খরচ বহন করবেন কর্মী।
তবে গত জানুয়ারিতে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীকে চিঠি দিয়ে জানান, বাংলাদেশের জন্য শ্রমবাজার উন্মুক্ত করা হবে না। কেবল নির্বাচিত ২৫টি রিক্রুটিং এজেন্সি ও ২৫০টি সাব-এজেন্টের মাধ্যমেই বাংলাদেশি কর্মীদের পাঠাতে হবে। বাংলাদেশের পক্ষ থেকে জবাবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান জানিয়েছিলেন, বাংলাদেশের প্রতিযোগিতা আইন এবং আইএলও কনভেনশন অনুযায়ী মালয়েশিয়ার এ প্রস্তাব গ্রহণযোগ্য নয়।
এদিকে বাংলাদেশিদের জন্য অন্যতম বৃহৎ শ্রমবাজার মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সব ধরনের সিন্ডিকেট বাতিল এবং সব বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য শ্রমবাজারটি উন্মুক্তের দাবি জানিয়ে আসছে জনশক্তি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) সিন্ডিকেটবিরোধী মহাজোট। তারা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ স্বচ্ছ প্রক্রিয়ায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু সমঝোতা স্মারক হওয়ার পরও তথাকথিত সিন্ডিকেটের দৌরাত্ম্যের কারণে মালয়েশিয়ায় কর্মী পাঠানো যায়নি।
এদিকে মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয়েশিয়াকিনি এক প্রতিবেদনে বলেছে, ঢাকায় সফররত মালয়েশিয়ার মন্ত্রী সারাভানান বলেছেন, ঢাকায় তার সফরের সময় কোনো বিক্ষোভ হলে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সির সংখ্যা আরও কমানো হবে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় কোনো বিক্ষোভের পরিকল্পনা হয়ে থাকলে ‘আমি ভয় পাই না। তারা (বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি) হুমকি যত দেবে আমি তত নিষিদ্ধ করব।’
প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীর সাক্ষাৎ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশাবাদ প্রকাশ করেছেন যে, উভয় পক্ষই মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের নিরাপদ, নিয়মিত, সস্তা এবং সুশৃঙ্খল কর্মসংস্থান নিশ্চিত করার উপায় তৈরি করতে সক্ষম হবে। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তার সরকারের টিকাদান এবং অন্যান্য আনুষ্ঠানিকতাসহ প্রয়োজনীয় সব প্রটোকল বজায় রেখে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠানোর আশ্বাস দিয়েছেন।
মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা দুই দেশের মধ্যে ২০২১ সালের ডিসেম্বরে স্বাক্ষরিত শ্রমিকদের কর্মসংস্থানসংক্রান্ত এমওইউ’র পৃষ্ঠপোষকতায় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী মালয়েশিয়া সরকারের অসামরিক ব্যবহারের জন্য বাংলাদেশি নিরাপত্তাকর্মী নিয়োগের সিদ্ধান্তের প্রশংসা করেন।
কুশল বিনিময় শেষে প্রধানমন্ত্রী দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ সফররত মালয়েশিয়ার মন্ত্রীকে স্বাগত জানান। তিনি স্মরণ করেন যে, আমাদের স্বাধীনতার পরপরই মালয়েশিয়া বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পর থেকে সম্পর্ক শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে।
বৈঠকে মালয়েশিয়ার মন্ত্রী মালয়েশিয়ান চলমান জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে সন্তোষ প্রকাশ করেন। তিনি প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের মানবসম্পদ মন্ত্রণালয়ের পুনর্গঠন এবং আইএলও নির্দেশিকা অনুসরণ করে অভ্যন্তরীণ কর্মসংস্থান প্রক্রিয়া সুগম করার বিষয়ে অবহিত করেন।
তিনি বলেন, ‘আমরা অভিবাসী শ্রমিকদের জন্য ৫ বছরের কর্মপরিকল্পনা নিয়েছি। এ লক্ষ্যে তারা ইতিমধ্যেই ন্যূনতম মজুরি ১৫০০ আরএম-এ বাড়িয়েছে।
দাতুক সেরি এম সারাভানান বলেছেন, তারা এখন সব কর্মসংস্থান প্রক্রিয়া ডিজিটালাইজড করেছেন, যাতে প্রতিটি পদক্ষেপে অভিবাসী শ্রমিকদের অধিকার রক্ষা হয়।
মালয়েশিয়া শুধু চাকরিপ্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন গ্রহণ করে উল্লেখ করে তিনি বলেন, তারা নিয়োগকারী সংস্থাকে মাঝখানে না রেখেই নিয়োগকর্তাদের কাছ থেকে কর্মীদের বেতন কার্ড অ্যাকাউন্টে সরাসরি ই-পেমেন্ট ইনস্টল করেছেন। তবে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত এমওইউ বাস্তবায়ন বিলম্বিত হওয়ায় তিনি মানব পাচারের সম্ভাবনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
