পটুয়াখালীতে কিশোর গ্যাং সদস্যদের হামলায় ইউনিফর্মবিহীন অবস্থায় থাকা দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে শহরের নিউমার্কেটের প্রবেশপথের গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন মাসুম (২৬) ও জুরান (২৫)। তারা দু’জনেই পটুয়াখালী পুলিশ লাইনে কর্মরত। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাপ্পি ও হাসান নামে দু’জনকে আটক করেছে পুলিশ।
আহত পুলিশ সদস্য মাসুম জানান, নিউমার্কেটের এবি কম্পিউটার সেন্টার নামে একটি দোকানে যাওয়ার পথে মার্কেটের প্রবেশপথ সংলগ্ন সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার সময় পাশ কাটানো নিয়ে বাদল নামে এক তরুণের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাদলের নেতৃত্বে ১০-১৫ জন কিশোর তাকে কিল-ঘুষি মেরে আহত করে। এতে তার মাথা দিয়ে রক্ত ঝরতে থাকে। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষকে অবগত করা হলে পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহসহ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, নিউমার্কেটের পাশের পিডিএসএ মাঠসংলগ্ন এলাকার বাসিন্দা বাদল ওরফে নাতি বাদলের নেতৃত্বে একটি কিশোর গ্যাং রয়েছে। দীর্ঘদিন ধরে সে গভীর রাত পর্যন্ত নিউমার্কেটের প্রবেশপথে তার দলের সদস্যদের নিয়ে বসে নারীদের উত্ত্যক্ত করে আসছে। প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকার কারণে ব্যবসায়ী ও এলাকাবাসী তাদের কর্মকাণ্ডের প্রতিবাদ করতে ভয় পায়।
পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, ‘নিউমার্কেটের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তদন্ত করে পুলিশ সদস্যদের ওপর হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
