আওয়ামী লীগে নেতাকর্মীদেরকে হুঁশিয়ার করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, আমরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাই না। আমরা দেশকে ভালোবাসি দেশের জনগণকে ভালোবাসি। এ দেশের অর্থনীতিকে যাতে ক্ষতি না হয় সেই চিন্তা করি। তাই আমাদেরকে আন্দোলন করতে বাধ্য করবেন না।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, ১৯৯৬ সালে আপনি জামায়াতকে সাথে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজপথে আন্দোলন করেছেন। তখন আন্দোলনের নামে যা যা করেছেন আমরাও তাই করব। তার একবিন্দু পরিমাণ বেশিও করবো না কমও করব না।
আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে আব্দুস সালাম বলেন, আন্দোলনের ভয়ে আমাদের নেতাকর্মীদেরকে জেলে ভরে দিচ্ছেন, তাতে কি আমরা ভয় পাই। আমরা ভয় পাই না। এবার মাথায় কাফনের কাপড় বেঁধে রাজপথে নামবো।
তিনি বলেন, আমাদেরকে কবরের কাছাকাছি নিয়ে গেছেন। অনেককে কবরেও পাঠিয়ে দিয়েছেন। যারা কবরে গেছে তাদেরও শান্তি নাই। তাদের বিরুদ্ধেও মামলা দিচ্ছেন। তাই শান্তি আনার জন্য একটা যুদ্ধ করতে হবে। ভয়-ভীতিকে উপেক্ষা করে, জিয়াউর রহমানের আদর্শকে বাঁচানোর জন্য, এদেশের জনগণকে বাঁচানোর জন্য, ভবিষ্যৎ প্রজন্ম আবার যাতে দুর্ভিক্ষের কবলে না পরে, তার জন্য আরেকটি লড়াই করতে হবে।
আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।
