চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) জাতীয় সঞ্চয় স্কিমগুলো থেকে ১৭ হাজার ৫১৮ কোটি ৭৬ লাখ টাকা নিট ঋণ নিয়েছে সরকার। যা এ খাতের ঋণের লক্ষ্যমাত্রার ৫৪ দশমিক ৭৪ শতাংশ। চলতি অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্র থেকে ৩২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য রয়েছে সরকারের। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তথ্যমতে, সবশেষ গত এপ্রিল মাসে সঞ্চয়পত্র থেকে সরকারের নিট ঋণ আসে ১ হাজার ১৪ কোটি ৬৩ লাখ টাকা। এ নিয়ে এপ্রিল পর্যন্ত সঞ্চয়পত্র থেকে সরকারের পুঞ্জীভূত ঋণের স্থিতি দাঁড়ায় ৩ লাখ ৬১ হাজার ৬১৩ কোটি টাকা।
২০২০-২১ অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে সঞ্চয়পত্র থেকে সরকারের নিট ঋণ এসেছিল ৩৫ হাজার ১৮০ কোটি ৮২ লাখ টাকা। সেই হিসেবে আলোচিত সময়ে এ খাত থেকে সরকারের নিট ঋণ কমেছে।
সঞ্চয়পত্র বিক্রির চাপ কমাতে গত বছরের ২২ সেপ্টেম্বর থেকে ১৫ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে সব ধরনের সঞ্চয়পত্রের সুদের হার ২ শতাংশের মতো কমিয়ে দেয় সরকার।
