বুস্টার ডোজের প্রথম দিনে কেন্দ্রে ভিড় নেই

আপডেট : ০৫ জুন ২০২২, ০৩:৩৫ এএম

দেশজুড়ে করোনা টিকার তৃতীয় বা বুস্টার ডোজ সপ্তাহ গতকাল শনিবার থেকে শুরু হয়েছে। শুরুর দিন টিকাকেন্দ্রগুলোতে তেমন ভিড় দেখা যায়নি। কেন্দ্রে এসে অপেক্ষা ছাড়াই টিকার বুস্টার ডোজ পেয়েছে মানুষ। সরকার এই সাতদিনে ১ কোটি থেকে দেড় কোটি মানুষকে বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।   

রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, টিকা নিতে মানুষ আসছেন। তবে কেন্দ্রগুলোতে তেমন ভিড় দেখা যায়নি। টিকা নিতে কাউকে অপেক্ষাও করতে হয়নি। রাজধানীর শেওড়াপাড়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড কার্যালয়ের টিকাকেন্দ্রে টিকা নিতে এসেছিলেন ৫০ বছরোর্ধ্ব আবুল বাসার। তিনি জানান, দ্বিতীয় ডোজ নেওয়ার দিন তাকে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হয়েছিল। ভিড় ছিল খুব। তবে আজ (গতকাল) আসা মাত্রই টিকা পেয়েছেন তিনি।

মোহাম্মদপুর ৩৩ নম্বর ওয়ার্ডের টিকা কেন্দ্রের স্বাস্থ্যকর্মী জাকির হোসেন বলেন, বুস্টার ডোজের বিষয়টি অনেকেই জানেন না। শুরুর দিনে তাই ভিড় কম। যারা এসেছেন, তাদের বেশির ভাগই তৃতীয় ডোজের খুদেবার্তা পাননি। যাদের দ্বিতীয় ডোজের চার মাস পার হয়েছে, তাদের সবাই টিকা পাচ্ছেন।

টিকাদান কার্যক্রম প্রসঙ্গে উত্তর সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড সচিব মো. আবুল হাসেম সাংবাদিকদের বলেন, বুস্টার ডোজ উপলক্ষে গত শুক্রবার প্রতিটা মসজিদে ইমাম সাহেবদের মাধ্যমে প্রচারণা চালানো হয়েছে। প্রতিদিন প্রত্যেক ওয়ার্ডে ৩০০ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তবে প্রথমদিন (গতকাল) টিকাগ্রহীতার তেমন কোনো ভিড় নেই। যাদের দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার চার মাস অতিবাহিত হয়েছে, তাদের দ্রুত কেন্দ্রে এসে টিকা নেওয়ার আহ্বান জানাই।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির জানান, গতকাল প্রথম দিনে দক্ষিণের ১০টি অঞ্চলে ২৮ হাজার ৪৭০ জনকে বুস্টার ডোজ টিকা দেওয়া হয়েছে। টিকাগ্রহীতাদের মধ্যে ১৪ হাজার ৩২১ জন পুরুষ ও ১৪ হাজার ১৪৯ জন নারী। সবচেয়ে বেশি টিকা দেওয়া হয়েছে অঞ্চল ৫-এ, ৬ হাজার ৭৮০ জনকে ও সবচেয়ে কম দেওয়া হয়েছে অঞ্চল ১-এ, ১ হাজার ২৬১ জনকে।

প্রতিদিন সকাল ৯টা থেকে বুস্টার ডোজ দেওয়া শুরু হবে এবং যতক্ষণ কেন্দ্রে লোক থাকবে, ততক্ষণ টিকাদান কর্মসূচি চলবে। টিকা দেওয়া হবে আগামী ১০ জুন পর্যন্ত। এ সময় শুধু দ্বিতীয় টিকার কাগজ নিয়ে গেলেই দেশের যে কোনো কেন্দ্র থেকে বুস্টার ডোজ নিতে পারবে মানুষ।

সারা দেশে মোট ১৬ হাজার ১৮১টি টিকাকেন্দ্রে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। এর মধ্যে স্থায়ী কেন্দ্র ৬২৩টি ও অস্থায়ী কেন্দ্র ১৫ হাজার ৫৫৮টি। বুস্টার ডোজ সপ্তাহ চলাকালে ৪৫ হাজার ৫৩৫ জন টিকাদান কর্মী ও স্বেচ্ছাসেবী টিকা কার্যক্রমে অংশগ্রহণ নিচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত