বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ধর্মীয় স্বাধীনতার ওপর যে রিপোর্ট প্রকাশ করেছে, তাতে তারা উল্লেখ করেছে যে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় বাংলাদেশ সরকার ব্যর্থ। এটাই আজকে বাস্তবতা।’
গতকাল শনিবার বিকেলে ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক প্রার্থনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে কয়েক বছর ধরে আমরা দেখছি যে বর্তমান সরকার কথায় কথায় অসাম্প্রদায়িকতার কথা বলে। তাদের সময়ে ভালো সাম্প্রদায়িকতা অবস্থার কথা বলার চেষ্টা করে। কিন্তু দেখা গেছে যে দুর্ভাগ্যজনকভাবে তাদের আমলেই হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ, তাদের জমিজমার ওপরে, তাদের বাসা-বাড়ির ওপরে হামলা হয়েছে। সরকার তাদের রক্ষা করতে পারেনি।’
তিনি বলেন, ‘বিএনপি সংখ্যালঘু সম্প্রদায় বলে কিছু আছে তা বিশ্বাস করে না। আমরা মনে করি, বাংলাদেশের সবাই একই সম্প্রদায়ের মানুষ। আমাদের চেয়ারপারসন খালেদা জিয়া সেটাতেই বিশ্বাস করেন।’
বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, ‘সরকার প্রতিহিংসামূলকভাবে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্তরীণ করে রাখা, মিথ্যা মামলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিদেশে নির্বাসিত করে রাখা, দেশে ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও গুম-খুনে দেড় সহস্রাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।’
বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেস দাস অপুর সভাপতিত্বে ও যুবদল নেতা তরুণ দের পরিচালনায় অনুষ্ঠিত প্রার্থনা সভার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কুমার সরকার, কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুমার কুন্ডু, সুশীল বড়ুয়া, অপর্ণা রায়, রমেশ দত্ত, দেবাশীষ মধু, মিল্টন বৌদ্ধ, জয়দেব, সাবেক কমিশনার মীর আশরাফ আলী আজম, মোশাররফ হোসেন খোকন এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার ও প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
