বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকারের শাসন পদ্ধতি মাফিয়াদের মতো। মাফিয়ারা যেমন কোনো নিয়মকানুন এবং আইনের তোয়াক্কা করে না তাদের কোনো স্বার্থে আঘাত এলে গুলি পর্যন্ত করে। এই সরকার পুরোপুরিভাবে মাফিয়াদের বৈশিষ্ট্য সংবলিত। গোটা দেশটাকে তারা দখল করে দেশের মানুষকে পরাধীন করে রেখেছে।’ গতকাল শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘বাংলাদেশে বর্তমানে বিরোধীদলের সভা-সমাবেশের কোনো অধিকার নেই। বিএনপি কোনো সমাবেশ করতে গেলে প্রেস ক্লাবের সামনে চারদিক ঘেরা স্থানে অনুমতি দেওয়া হয়। অথচ গণমাধ্যমে দেখলাম রাজধানীর ৭টি বড় পয়েন্টে আওয়ামী লীগ সমাবেশ করছে। এক দেশে দুই আইন চলছে।’
সংবাদ সম্মেলনে খাগড়াছড়ি, বেগমগঞ্জসহ বিভিন্ন স্থানে বিএনপির কর্মসূচিতে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল খালেক, মো. মুনির হোসেন, তারিকুল ইসলাম তেনজিং,আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।
