অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি

আপডেট : ০৫ জুন ২০২২, ০১:৪৭ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিমকে কমিটির প্রধান করা হয়েছে।

এতে সদস্যসচিব হিসেবে আছেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. আনিসুর রহমান।

রবিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এদিকে হতাহতদের জন্য এক কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

আজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সীতাকুন্ডে অগ্নিকান্ডে নিহতদের দাফন ও সৎকার এবং আহতদের চিকিৎসার্থে এ অর্থ দেয়া হবে।

এছাড়াও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে এক হাজার শুকনো খাবারের প্যাকেট বরাদ্দ দেয়া হয়েছে ।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে আজ এ বরাদ্দ দেয়া হয়।

শনিবার রাতে অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৩৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি চার শতাধিক। তাদের মধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীও রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত