পোশাক মালিকদের সবচেয়ে বড় সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেছেন, বাংলাদেশের পোশাকশিল্প যেসব অর্জনের জন্য বিশ্বে একটি নিরাপদ ও টেকসই শিল্প হিসেবে পরিচিতি লাভ করেছে সেই অর্জনগুলোকে আরও এগিয়ে নিয়ে যেতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ।
সম্প্রতি ওএভি-জার্মান এশিয়া-প্যাসিফিক বিজনেস অ্যাসোসিয়েশন, জার্মান আমদানিকারক, বার্লিনে বাংলাদেশ দূতাবাস এবং উনচি গ্রুপের আয়োজেনে ‘টেকসই এবং স্বচ্ছ সাপ্লাই চেইনের পথে’ বিষয়ক একটি টেক্সটাইল গোলটেবিল আলোচনায় একথা বলেন তিনি।
ফারুক হাসান তার বক্তব্যে বলেন, ‘বিশ্বের সর্বোচ্চ সংখ্যক গ্রিন কারখানা বাংলাদেশে, ইউএসজিবিসির প্রত্যায়িত ১৬১টি লিড গ্রিন কারখানা রয়েছে, যার মধ্যে ৪৮টি প্লাটিনাম রেটেড এবং ৯৯টি গোল্ড রেটেড, এবং এই গ্রিন কারখানাগুলো পরিবেশবান্ধব বৈশিষ্ট্যসম্পন্ন এবং প্রচলিত কারখানাগুলোর তুলনায় ৪০ শতাংশ কম কার্বন নির্গমন করে।
তিনি আরও বলেন, বিজিএমইএ পোশাক শিল্পে গ্রিনহাউজ গ্যাস ৩০ শতাংশ কমানোর অভিপ্রায় নিয়ে ইউএন ফ্যাশন ইন্ডাস্ট্রি চার্টার ফর ক্লাইমেট অ্যাকশন-এর সঙ্গে যুক্ত হয়েছে। আমাদের প্রতিশ্রুতি হচ্ছে পোশাক শিল্পকে সাসটেইনেবিলিটির পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়া এবং শিল্পের অগ্রগতি অব্যাহত রাখা।
