এই দিনে

বাঙালি শিক্ষাবিদ রামেন্দ্রসুন্দরের মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ০৬ জুন ২০২২, ০৭:৪৭ এএম

বাঙালি শিক্ষাবিদ, প্রাবন্ধিক রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর মৃত্যুবার্ষিকী আজ। ১৯১৯ সালের ৬ জুন রামেন্দ্রসুন্দর ত্রিবেদী মৃত্যুবরণ করেন। তিনি ১৮৬৪ সালের ২৪ আগস্ট ভারতের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনের সর্বস্তরে তিনি অসামান্য মেধার পরিচয় দেন। ১৮৮৮ সালে তিনি প্রেমচাঁদ বৃত্তি লাভ করেন। ১৮৯২ সালে কলকাতার রিপন কলেজে বিজ্ঞানশাস্ত্রের অধ্যাপক নিযুক্ত হন। 

১৯০৩ সালে এ কলেজের অধ্যক্ষের দায়িত্ব পান এবং আমৃত্যু এই পদে অধিষ্ঠিত ছিলেন। ‘বঙ্গীয় সাহিত্য পরিষৎ’ স্থাপনের অন্যতম উদ্যোক্তা ছিলেন তিনি। ১৯০৪ থেকে ১৯১১ সাল পর্যন্ত তিনি এ পরিষদের সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং ১৯১৯ সালে সভাপতি নির্বাচিত হন। ১৮৯৯-১৯০৩ ও ১৯১৭-১৮ সাল পর্যন্ত দুই মেয়াদে তিনি পরিষদের মুখপত্র ‘বঙ্গীয় সাহিত্য পরিষৎ পত্রিকা’ সম্পাদনা করেন। ভাষাতত্ত্ব, প্রাচ্য-প্রতীচ্য দর্শন, বিজ্ঞান, বেদবিদ্যা, লোকসাহিত্য ইত্যাদি বিষয়ে তার অসাধারণ জ্ঞান ছিল। 

বিজ্ঞান ও দর্শনের জটিল তত্ত্বকে প্রাঞ্জল ভাষায় তিনি বিশ্লেষণ করেছেন। মাতৃভাষার মাধ্যমে জ্ঞানচর্চাকে তিনি উৎসাহ দিতেন। তার ‘প্রকৃতি’ বইয়ে বিজ্ঞানবিষয়ক প্রবন্ধ এবং ‘জিজ্ঞাসা’ বইয়ে দর্শন-সংক্রান্ত প্রবন্ধ রয়েছে। তার প্রবন্ধ গ্রন্থের মধ্যে আরও আছে ‘চরিতকথা’, ‘কর্মকথা’, ‘বিচিত্রপ্রবন্ধ’, ‘শব্দকথা’, ‘যজ্ঞকথা’, ‘বিচিত্র জগৎ’ ইত্যাদি। তিনি ছিলেন মুক্তচিন্তার অধিকারী ও বিজ্ঞানমনস্ক। সমাজ গঠনে তার লেখনী বড় ভূমিকা পালন করেছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত