দক্ষিণ আফ্রিকায় দুই টেস্টে ভরাডুবির পর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষেও যুক্ত হয়েছে হারের ক্ষত। টানা দুই সিরিজে দেখা গেছে ব্যাটিংধস। এই ঝাপটায় বদলে গেছে অধিনায়কত্ব। অনেকটা তাই দুঃসময়ের ভেতর দিয়েই উইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, সব সংকট দূর করে ঠিকই ঘুরে দাঁড়াবেন তারা।
এবার কয়েক দফায় ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে বাংলাদেশ দল। ৩ জুন প্রথম দফায় সদ্য সাবেক অধিনায়ক মুমিনুল হকসহ যান পাঁচজন। গত সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের ফ্লাইটে তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, জেমি সিডন্সসহ গেছেন বড় এক বহর। মঙ্গলবারও আছে মোস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলামদের আরেকটা ফ্লাইট আছে। লন্ডনে ছুটি শেষে সেখান থেকেই যাবেন সহ-অধিনায়ক লিটন দাস ও নুরুল হাসান সোহান। টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান অনেকটা নীরবেই ৫ জুন চলে গেছেন যুক্তরাষ্ট্রে। সবার পরে ১০ জুন তিনি যুক্ত হবেন অ্যান্টিগায়।
যাওয়ার আগে বিমানবন্দরে আশাবাদ শুনিয়ে যান মিরাজ, ‘আমরা শেষ যখন গিয়েছিলাম ওখানে দুটো সিরিজ জিতেছিলাম ওয়ানডে এবং টি-টোয়েন্টি। ওই সিরিজটা অনেক মজার ছিল। অবশ্যই চার বছর পর যাচ্ছি, এবার ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। আমরা সাম্প্রতিক সময়ে ভালো করছি না, কিন্তু আমরা ঘুরে দাঁড়াতে পারব। দেখেন, আমরা নিউজিল্যান্ডে তো করে দেখিয়েছি।’
