চাঁদপুরের হাজীগঞ্জে মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে সাথী আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে হাজীগঞ্জ উপজলার ৯ নম্বর গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের তারালীয়া কাঁকৈরতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। ওই নারী মালীগাঁও গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা তোফায়েল আহমেদ জানান, সোমবার সকালে সাথী আক্তার ওই গ্রামের পারভেজ নামে তার এক আত্মীয়ের সঙ্গে মোটরসাইকেলের পেছনের সিটে বসে স্থানীয় ওয়ারুক বাজারে ব্যাংক থেকে টাকা তুলতে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলে তার ওড়না পেঁচিয়ে গেলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
