নাইজেরিয়ায় গির্জায় বন্দুকধারীর হামলায় নিহত ৫০

আপডেট : ০৭ জুন ২০২২, ০২:১৯ এএম

নাইজেরিয়ার একটি ক্যাথলিক গির্জায় বন্দুকধারীরা হামলা চালিয়েছে। স্থানীয় হাসপাতাল ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এ ঘটনায় নারী, শিশুসহ অন্তত ৫০ জন নিহত হয়েছে। দেশটির ওন্দো রাজ্য পুলিশের মুখপাত্র ফানমিলায়ো ইবুকুন ওদুনলামি বলেন, বন্দুকধারীরা গির্জার ভবনের বাইরে ও ভেতরে গুলি চালিয়ে প্রার্থনাকারীদের হত্যা ও আহত করেছে।

শহরের সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক গির্জাটিতে কতজন নিহত বা আহত হয়েছে, তা বলেননি তিনি। তবে পুলিশ হামলার কারণ অনুসন্ধান করছে বলে জানিয়েছেন। ওন্দো রাজ্যের গভর্নর আরাকুনরিন ওলুওয়ারোতিমি আকেরেদোলু ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতালে আহত ব্যক্তিদের সঙ্গে দেখা করেছেন। ঘটনাটিকে একটি গণহত্যা হিসেবে বর্ণনা করেছেন তিনি। তিনি আরও বলেন, ‘আমরা এই আততায়ীদের খুঁজে বের করতে এবং তাদের মূল্য দিতে বাধ্য করতে সম্ভাব্য সব উপায়ে চেষ্টা চালাতে প্রতিশ্রুতিবদ্ধ।’ নাইজেরিয়ার ক্যাথলিক গির্জার মুখপাত্র রেভারেন্ড অগাস্টিন ইকুউ বলেন, এটি খুবই দুঃখজনক। অচেনা বন্দুকধারীরা সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক গির্জাটিতে হামলা চালিয়েছে বলেও জানান তিনি।

আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া। দেশটিতে প্রায়ই চাঁদা আদায়ে অপহরণের ঘটনা ঘটে। এসবের বেশিরভাগ ঘটে উত্তর-পশ্চিমাঞ্চলে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ ধরনের হামলার ঘটনা বিরল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত