দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাজধানীতে বাসচাপায় এক পুলিশ সদস্য নিহত হন। কক্সবাজারের রামুতে পিকআপের ধাক্কায় গুরুতর আহত ইউপি সদস্য হাসপাতালে নেওয়ার পথে মারা যান। একই দিন সিরাজগঞ্জে ট্রাকচাপায় এক পথচারী নিহত হন।
গতকাল সোমবার সকালে ঘটা পৃথক ৩ সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন পুলিশ সদস্য কোরবান আলী হোসেন (৩৫), ইউপি সদস্য মো. জুবাইর (৪২) এবং পথচারী খলিল প্রামাণিক (৪০)।
একই দিন সন্ধ্যায় কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনের রাস্তায় একটি বাস কারাগারের প্রিজন ভ্যানকে ধাক্কা দিলে ১৭ আসামি ও ২ পুলিশ সদস্যসহ ১৯ জন আহত হন। আহত ৫ আসামিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ২ পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে পাঠানো হয়েছে।
বিস্তারিত আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে।
রাজধানী : ঢাকায় সোনারগাঁ হোটেলের পাশে মোটরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবল কোরবান আলী হোসেনকে ওয়েলকাম পরিবহনের একটি বেপরোয়া বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। হাতিরঝিল থানার উপ-পরিদর্শক মো. সুমন জানান, ঘটনার পর পরই বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে লাশ রাজারবাগ পুলিশ লাইনসে নিয়ে যাওয়া হয়েছে।
রামু : প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার সকাল ১১টার দিকে মোটরসাইকেলে কক্সবাজার শহরে যাচ্ছিলেন রামু উপজেলার রাজাকুল ইউনিয়ন পরিষদের সদস্য মো. জুবাইর। এসময় রামু সরকারি কলেজ গেইট পয়েন্টে পেছন থেকে আসা একটি বালুবাহী পিকআপ ট্রাক তাকে চাপা দেয়। এতে জুবাইরের মাথা ও শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। রামু থানার উপ-পরিদর্শক মো. মঞ্জু জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জ : তাড়াশ উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক খলিল প্রামাণিক নামের এক পথচারীকে চাপা দেয়। এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. লুৎফর রহমান জানান, সকাল ৯টার দিকে গাজীপুর থেকে ঝুট বোঝাই একটি ট্রাক রাজশাহীর দিকে যাওয়ার সময় মহাসড়কের হামকুরিয়া এলাকায় খলিলকে চাপা দেয়। নিহত খলিলের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।
