দিনাজপুরের আলোচিত সাবেক যুবলীগ নেতা খলিলুল্লাহ আজাদ মিল্টনের বিরুদ্ধে মামলার খরচ চালানোর জন্য বাদীর কাছে ১ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ওই চাঁদা না দেওয়ায় মামলার বাদী দিনাজপুর সদর উপজেলার আস্করপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়াকে মারধর করা হয়েছে। এছাড়া তাকে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার দিনাজপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিতভাবে এসব অভিযোগ করেন আস্করপুর ইউপির সাবেক চেয়ারম্যান জিয়া। অভিযুক্ত যুবলীগ নেতা খলিলুল্লাহ আজাদ মিল্টন দিনাজপুর জেলা যুবলীগের সাবেক সহ-সম্পাদক।
লিখিত বক্তব্যে জিয়া উল্লেখ করেন, চাঁদা দাবিসহ জোরপূর্বক টাকা আদায় এবং ভীতি প্রদর্শন ও হুমকিধমকি দেওয়ায় ২০২০ সালের ৩ ডিসেম্বর খলিলুল্লাহ আজাদ মিল্টনের বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানায় মামলা করি। গত সোমবার সকালে কাচারির গেটে মিল্টনসহ পাঁচ-ছয়জন আমার গতিরোধ করে। তারা ওই মামলা চালাতে অনেক খরচ হয়েছে উল্লেখ করে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে তারা আমাকে কিল-ঘুসি মারে। এ ব্যাপারে জানতে চাইলে খলিলুল্লাহ আজাদ মিল্টন বলেন, ‘আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। সাবেক ইউপি চেয়ারম্যান জিয়ার সঙ্গে প্রায় দেড় বছরে কোনো দিন দেখা হয়নি।’
