কভিড-১৯

৫০ দিন পর শনাক্তের হার ১ শতাংশের ওপরে

আপডেট : ০৮ জুন ২০২২, ০৪:২৭ এএম

দেশে ৫০ দিন পর এক দিনে ১ শতাংশের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ১৪ শতাংশ। এর আগের দিন শনাক্ত হয়েছিল ৪৩ জন। সেদিন শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৯৯ শতাংশ। অর্থাৎ এক দিনের ব্যবধানে নতুন রোগীর সংখ্যা ও শনাক্তের হার দুটোই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। এর আগে গত ১৭ এপ্রিল ১ দশমিক শূন্য ৪ শতাংশ রোগী শনাক্ত হয়েছিল। এরপর শনাক্ত হার ১ শতাংশের নিচেই ওঠানামা করছিল।

গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৫৪ জন। এ নিয়ে শনাক্তের সংখ্য দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৭৫৪ জন। এর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১১ লাখ ৮৮ হাজার ২০৬ জন এবং সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে ৪৩ হাজার ৮৬২ জন। পাশাপাশি মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩১ জনের। এর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১২ হাজার ৮০১ জন এবং সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে ৮৮০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ৫১ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা; যা মোট আক্রান্তের ৯৪ শতাংশ। ঢাকার বাইরে কক্সবাজার, দিনাজপুর ও সিলেট জেলায় একজন করে শনাক্ত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত