নির্বাচনে কে জিতল সেটা যুক্তরাষ্ট্রের মাথাব্যথা নয়

আপডেট : ০৯ জুন ২০২২, ০২:২০ এএম

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কে জিতবে তাতে যুক্তরাষ্ট্রের কোনো মাথাব্যথা নেই বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। তিনি আরও বলেছেন, ‘যুক্তরাষ্ট্র এমন একটি নির্বাচন চায় যেখানে বাংলাদেশের জনগণ তাদের নেতা নির্বাচন করতে পারবেন।’ নির্বাচনে যেন জনরায় প্রতিফলিত হয় সেদিকে দেশটির নজর রয়েছে এবং তারা অংশগ্রহণমূলক ভোটের প্রত্যাশা করেন বলেও মন্তব্য করেন ডি হাস।

গতকাল বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে পিটার হাস সাংবাদিকদের এ কথা বলেন। দুপুরে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত।

গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো পরামর্শ আছে কি নাÑ এ প্রশ্নে পিটার হাস বলেন, ‘না। এটি যুক্তরাষ্ট্রের কাজ নয়। এটি নির্বাচন কমিশনের কাজ।’ তিনি বলেন, ‘পুরো নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন খুবই গুরুত্বপূর্ণ। অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজনে শুধু নির্বাচন কমিশন নয়, সরকার, রাজনৈতিক দল, গণমাধ্যম ও জনগণেরও ভূমিকা রয়েছে।’

এদিকে এ সাক্ষাৎ সম্পর্কে সিইসি কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন সম্পর্কে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তেমন কিছু আলোচনা করেননি। নির্বাচন সম্পর্কে আমরা কেমন চিন্তা করছি এটা নিয়ে তাকে আমরা জানিয়েছি।’

সিইসি বলেন, ‘মার্কিন দূত চেয়েছেন নির্বাচন ফ্রি ও ফেয়ার হলে ভালো হয়। সহসা দলগুলোর সঙ্গেও সংলাপ করব বলে আমরা জানিয়েছি। নির্বাচন কীভাবে অংশগ্রহণমূলক করা যায় সেই পথ আলোচনা করে বের করার কথা বলেছি।’

দ্বাদশ সংসদ নির্বাচন আগের চেয়েও স্বচ্ছ হবে বলে আশ্বাস দিয়ে সিইসি বলেন, ‘সবার সহযোগিতা নিয়ে আশা করি আগামী নির্বাচন সফল হবে। নির্বাচন সুষ্ঠু করার চেষ্টা করব। পর্যবেক্ষকদের অ্যালাউ করার চেষ্টা করব। ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা রাখা চেষ্টা করা হবে। সীমাবদ্ধতার মধ্যেও ভালো নির্বাচন করা হবে।’

রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী অবস্থানের মধ্যেও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোট হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, ‘উনিও (রাষ্ট্রদূত) বিশ্বাস করেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকবে। রাজনৈতিক দলগুলার মধ্যে হয়তো সমঝোতা হতে পারে। এটা রাজনৈতিক নেতৃত্ব বুঝবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত