বঙ্গবন্ধুর বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে হুমকি দিলে, শেখ হাসিনাকে হত্যার হুমকি দিলে কাউকে রেহাই দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকির’ প্রতিবাদে গতকাল বুধবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপি-জামায়াতের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
গতকল দুপুর দেড়টার পর থেকে তেজগাঁও সাতরাস্তা মোড় হয়ে হোটেল সোনারগাঁওয়ের সামনে নেতাকর্মীরা মিছিলসহ একত্রিত হন। সেখানে তৈরি অস্থায়ী মঞ্চে বক্তব্য দেন দলের নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি। তেজগাঁও সাতরাস্তা মোড় হয়ে সোনারগাঁও হোটেলের সামনে থেকে পান্থপথ ছুঁয়ে ধানম-ির ৩২ নম্বরে গিয়ে শেষ করা হয় বিক্ষোভ সমাবেশ।
কারওয়ানবাজার এলাকার সমাবেশে নানক বলেন, আজকের এই বিক্ষোভ সমাবেশ প্রমাণ করে বঙ্গবন্ধুর বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে হুমকি দিলে, শেখ হাসিনাকে হত্যার হুমকি দিলে কাউকে রেহাই দেওয়া হবে না। এই আওয়ামী লীগ হঠাৎ করে কোনো সামরিক জান্তার পকেট থেকে বেরিয়ে আসা দল নয়। কেউ যদি আঘাত করে তাহলে পাল্টা আঘাতের জন্য আমরা প্রস্তুত রয়েছি।’
নানক বলেন, এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ বিনির্মাণে লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। আমাদের সহনশীলতাকে দুর্বলতা ভাবার কোনো কারণ নেই। আজকের সমাবেশ এটাই প্রমাণ করে।
এদিকে দিনটি কর্মদিবস হওয়ায় বিক্ষোভ সমাবেশ কেন্দ্র করে নগরীতে ভীষণ যানজটের সৃষ্টি হয়। সমাবেশ শেষে বক্তব্যে নেতাকর্মীদের সমাবেশ সফল করার জন্য ধন্যবাদ জানান এবং যানজট ভোগান্তির কারণে ঢাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান। তিনি বলেন, রাজপথে জবাব দেওয়ার জন্য একটু নেমেছি। একটু সময় নষ্ট হয়েছে আপনাদের। কষ্ট হয়েছে যানজটে। এজন্য আমরা করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি। ধানম-ি ৩২ নম্বর বঙ্গবন্ধু জাদুঘর ভবনের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশের সমাপনী ঘোষণা করেন শেখ বজলুর রহমান।
কেন্দ্রীয় নেতাদের মধ্যে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতারা।
