মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় ভারতের রাজধানী দিল্লিসহ চার রাজ্যে আত্মঘাতী হামলার হুমকি দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদা। চিঠি দিয়ে এই হামলার কথা জানিয়েছে জঙ্গি সংগঠনটি। দিল্লি ছাড়াও এই তালিকায় রয়েছে গুজরাট, উত্তরপ্রদেশ এবং মুম্বাই। গতকাল বুধবার ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে সংবাদমাধ্যমটি আল-কায়েদার একটি চিঠিও যুক্ত করেছে। তবে প্রাথমিক পর্যায়ে অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। মহানবীর সম্মান রক্ষার্থে লড়াই উল্লেখ করে আল-কায়েদার চিঠিতে লেখা হয়েছে, ‘যারা আমাদের নবীকে অপমান করে তাদের আমরা শেষ করে দেব। তাদের উড়িয়ে দিতে আমাদের বা আমাদের সন্তানদের দেহের সঙ্গে বিস্ফোরক বেঁধে দেব। দিল্লি, মুম্বাই, গুজরাট এবং উত্তরপ্রদেশে গেরুয়া সন্ত্রাসবাদীরা তাদের শেষের জন্য অপেক্ষা করুক।’
ইসলাম ধর্মের নবীকে (সা.) নিয়ে বিজেপির দুই নেতা বিতর্কিত মন্তব্য করায় ভারতের বিভিন্ন প্রদেশের সংখ্যালঘু মুসলিমরা বিক্ষোভ-প্রতিবাদ করছেন। চার দিন আগে উত্তরপ্রদেশের কানপুরে মুসলিমদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর গতকাল বুধবার বিজেপির যুব শাখার নেতা হর্ষিত শ্রীবাস্তবকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। দুই নেতার বিতর্কিত মন্তব্যের জেরে মুসলিম বিশ্বের ক্রমবর্ধমান ক্ষোভ ও তোপের মুখে পড়েছে ভারত। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলোসহ এখন পর্যন্ত বিশ্বের অন্তত ১৫টি দেশ ভারতের বিরুদ্ধে সরব হয়েছে। এসব দেশ ভারত ও বিজেপি সরকারের নিন্দা জানানোর পাশাপাশি দেশটিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে।
