মিলিটারি অ্যাকাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ

আপডেট : ০৯ জুন ২০২২, ০৩:১৮ এএম

বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমিতে ৮২তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে চট্টগ্রামের ভাটিয়ারীর বিএমএ প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) সালেম হামাদ আল-আকিল আল-নাবেত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন। পরে কৃতী ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এই তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, ৮২তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের সর্বমোট ১৯৬ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। কমিশনপ্রাপ্ত অফিসারদের মধ্যে ১৮০ জন পুরুষ ও ১৬ জন নারী অফিসার রয়েছেন। এছাড়াও ৭ জন ফিলিস্তিনি এবং ১ জন শ্রীলঙ্কান অফিসার রয়েছেন যারা নিজ নিজ দেশের সেনাবাহিনীতে যোগদান করবেন।

সর্ব বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার মো. তানভীর রহিম ৮২তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের সেরা চৌকস ক্যাডেট বিবেচিত হন। পরে প্রশিক্ষণ সমাপনকারী ক্যাডেটরা আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন। প্রশিক্ষণ সমাপনকারী ক্যাডেটদের পিতা-মাতা ও অভিভাবকরা নবীন অফিসারদের র‌্যাংক-ব্যাজ পরিয়ে দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত