ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে কর বেশি

আপডেট : ০৯ জুন ২০২২, ০৪:৪৩ পিএম

প্রস্তাবিত বাজেটে ৫ কোটি টাকার বেশি ব্যাংকে জমা হলে বেশি কর আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

প্রস্তাবে বলা হয়েছে, বছরের যেকোনো সময় আপনার ব্যাংক হিসাবে ৫ কোটি টাকা জমা হলে ৫০ হাজার টাকা আবগারি শুল্ক কাটা হবে, আগে যা ছিল ৪০ হাজার টাকা।

বৃহস্পতিবার বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী। তার আগে মন্ত্রিসভার অনুমোদনের পর ওই প্রস্তাবে সই করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘বর্তমানে ব্যাংক হিসাব ও বিমান টিকিটের ওপর আবগারি শুল্ক আদায় করা হয়ে থাকে। বর্তমানে ৫ কোটি টাকার ঊর্ধ্বে ব্যাংক স্থিতির ওপর (বছরের যেকোনো সময়) ৪০ হাজার টাকা আবগারি শুল্ক প্রযোজ্য রয়েছে। শুধু ৫ কোটি টাকার ঊর্ধ্বে ব্যাংক স্থিতির ওপর (বছরের যেকোনো সময়) আবগারি শুল্ক ৪০ হাজার টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা নির্ধারণ করার প্রস্তাব করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত