৯ জুন, বৃহস্পতিবার ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা সময়ের আলোচিত ‘কোক স্টুডিও বাংলা লাইভ কনসার্ট’। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী দুপুর দেড়টায় এই মেগা কনসার্টের গেট ওপেন হয়ে যাওয়ার কথা। আর বিকেল ৪টায় শুরু হওয়ার কথা কনসার্ট তথা শিল্পীদের পরিবেশনা।
তবে এদিন সকাল থেকে হওয়া বৃষ্টির কারণে স্থগিত হয়ে গেছে এই কনসার্ট। বৈরী আবহাওয়ার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
চলতি বছরে দেশের সবচেয়ে বড় ও তারকা সমৃদ্ধ কনসার্ট বলা হচ্ছিল এই কনসার্টকে। বিশ্বকাপের ট্রফি ট্যুর উপলক্ষে এ কনসার্টের আয়োজনে কনসার্ট উপভোগ ছাড়াও দর্শক শ্রোতারা ফিফা অরিজিনাল ট্রফির সঙ্গে ছবিও তুলতে পারবেন।
এই কনসার্টে গাওয়ার কথা ছিল নগরবাউল জেমস, ওয়ারফেজ, নেমেসিস, লালন সহ কোক স্টুডিও বাংলার অর্ণব, রিপন, অনিমেষ রায়, পান্থ কানাই, মিজান, মমতাজ, ঋতুরাজ ও নন্দিতার।
