এক মাসের ব্যবধানে আবারও সয়াবিন তেলের দাম বেড়েছে। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে আরও ৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়ানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২০৫ টাকা। এর আগে গত ৫ মে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩৮ টাকা বেড়ে ১৯৮ টাকা হয়েছিল। বর্তমানে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল বাজারে ২০০ থেকে ২০৫ টাকায় বিক্রি হচ্ছে।
সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করেছে ভোজ্য তেল পরিশোধন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল খুচরা পর্যায়ে বিক্রি হবে ২০৫ টাকায়। আর ৫ লিটারের বোতলের দাম পড়বে খুচরা পর্যায়ে ৯৯৭ টাকা, যেটি ৯৮৫ টাকায় বিক্রি হচ্ছিল। এ ছাড়া খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৮৫ টাকায় বিক্রি হবে। এই তেল প্রতি লিটার ১৮০ টাকায় বিক্রি হচ্ছিল। আর খোলা পাম তেল এখন থেকে প্রতি লিটার ১৫৮ টাকায় বিক্রি হবে।
