ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলাকালে হলে ঢুকে উপাচার্যের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করায় দুই বহিরাগতকে ধরে পুলিশে দেওয়া হয়েছে।
আটক দুজন জলেন- বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থী সালিম সাদমান সিয়াম ও আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাশরাফি।
শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের ৮ বিভাগীয় শহরের 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী জানান, বেলা সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল কেন্দ্র পরিদর্শনে যান উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। এসময় মাশরাফি ও সিয়াম হলে ঢুকে পড়েন। তারা হলে পরীক্ষার্থীদের ছবি তোলা ছাড়াও উপাচার্যের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন।
প্রক্টর বলেন, এ সময় বহিরাগত দুই শিক্ষার্থীর হাত থেকে মোবাইল ফোন নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
তবে, জিজ্ঞাসাবাদ শেষে কোনো কিছু না পাওয়া গেলে তাদের ছেড়ে দিতে বলা হয়েছে বলেও জানান তিনি।
শাহবাগ থানার ওসি মওদূত হাওলাদার জানান, ওই শিক্ষার্থীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ তেমন কোনো তথ্য পায়নি। আরও জিজ্ঞাসাবাদ করে কিছু না পেলে ওদের ছেড়ে দেওয়া হবে।
এদিকে অভিযুক্ত সিয়াম বলেন, তার ছোট ভাই পরিসংখ্যান বিভাগ কেন্দ্রে ভর্তি পরীক্ষা দিচ্ছে। আর তারা দুজন কার্জন হলে ঘুরতে এসেছিলেন। উপাচার্য স্যার কেন্দ্রে ঢোকার সময় ভুলে আমরাও কেন্দ্রে ঢুকে পড়েছি। মূলত উপাচার্য স্যারের সঙ্গে সেলফি তুলতেই সেখানে ঢুকে পড়েছিলাম। এছাড়া আমাদের কোনো উদ্দেশ্য নাই।
