‘সরলতা, সততা, সত্যকথনের কিংবদন্তি আবুল মাল আবদুল মুহিত’

আপডেট : ১০ জুন ২০২২, ১০:২৫ পিএম

সরলতা, সততা ও সত্যকথনের এক কিংবদন্তির নাম আবুল মাল আবদুল মুহিত। তিনি মানুষের কথা শুনতেন, বুঝতেন মানুষের দুঃখ-কষ্ট। সদা হাস্যোজ্জ্বল কর্মযোগী, জ্ঞানী এই মানুষটির স্পষ্টতা, সরলতা ও সাহসিকতা সব মহলে প্রশংসিত। বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে রূপান্তরের নায়ক আবুল মাল আবদুল মুহিত। ভাষা সংগ্রমী ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি বাংলাদেশের ইতিহাসের অংশ। আবুল মাল আবদুল মুহিত ছিলেন অফুরন্ত জীবনীশক্তির অধিকারী এক প্রাণবন্ত মানুষ। 

শুক্রবার সন্ধ্যায় সিলেটের রাজনৈতিক, সাহিত্যিক, ক্রীড়া, সাংস্কৃতিক, সাংবাদিক, শিক্ষক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে গঠিত ‘সম্মিলিত নাগরিক উদ্যোগ’ এর আয়োজনে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত স্মরণ অনুষ্ঠানে এসব বলেন। 

সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত নাগরিক উদ্যোগ সিলেটের আহ্বায়ক ব্যারিস্টার মো. আরশ আলী।

অনুষ্ঠানে আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই, পরারষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, বড় ভাই হিসেবে আবুল মাল আবদুল মুহিত আমাদের পরিবারকে আগলে রেখেছিলেন। তার শূন্যতা কখনও পূরণ হওয়ার নয়। তার প্রয়াণে দেশও একজন একনিষ্ঠ কর্মী হারিয়েছে, তিনি সারা জীবন দেশের জন্য কাজ করেছেন। দেশকে নিয়ে তিনি বড় স্বপ্ন দেখতেন। কখনো হতাশ হতেন না, অত্যন্ত আশাবাদী মানুষ ছিলেন। দেশের চলমান অগ্রযাত্রার তিনি অন্যতম পথ প্রদর্শক। 

ড. মোমেন আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন ছিলেন আবুল মাল আবদুল মুহিত। প্রধানমন্ত্রী তাকে মুহিত ভাই বলে ডাকতেন। দেশের উন্নয়নের স্বার্থে তিনি যেটা করতে চাইতেন, প্রধানমন্ত্রী সে কাজে তাকে উৎসাহিত করতেন। কারণ প্রধানমন্ত্রীর অগাধ আস্থা ও বিশ্বাস ছিল তার ওপর’।

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আবুল মাল আবদুল মুহিতকে আমি দীর্ঘদিন সহকর্মী হিসেবে পেয়েছি। একই মন্ত্রণালয়ে আমি প্রতিমন্ত্রী ছিলাম, আর তিনি ছিলেন মন্ত্রী। তার কাছ থেকে সবসময় আন্তরিক সহযোগিতা পেয়েছি। এ জন্য আমার পক্ষে কাজ করা সহজ হয়েছে।’  

পরিকল্পনমন্ত্রী আরো বলেন, ‘বাংলাদেশের আজকের অর্থনৈতিক সমৃদ্ধিতে আবুল মাল আবদুল মুহিতের বিশেষ অবদান রয়েছে। পদ্মা সেতুর স্বপ্নপূরণেও তার বড় ভূমিকা রয়েছে’।               

সম্মিলিত নাগরিক উদ্যোগ সিলেটের সদস্য সচিব আহমেদ নূরর পরিচালনায় স্মরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, জাতীয় সংসদ সদস্য শাহ নেওয়াজ গাজী মিলাদ, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল প্রমুখ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত