কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের সামনে গুলি, নিহত ২

আপডেট : ১১ জুন ২০২২, ০২:৫৯ এএম

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কাছে ভারতীয় এক পুলিশ কনস্টেবল এলোপাতাড়ি গুলি চালিয়ে একজনকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার দুপুরে কলকাতার পার্ক সার্কাস এলাকায় এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর, চোডুপা লেপচা নামেরও ওই পুলিশ কনস্টেবল বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের আউটপোস্টে দায়িত্বরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এক সশস্ত্র কনস্টেবল হঠাৎ করে তার এসএলআর থেকে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করেন। এই গুলিবর্ষণের সময় ওই রাস্তা দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন এক নারী। তার শরীরে গুলি লাগলে তিনি ঘটনাস্থলেই মারা যান। মোটরবাইকচালকও আহত হন। গুলিতে নিহত নারীর নাম রিমা সিং। তার বাড়ি হাওড়ার দাসনগরে।

পুলিশের বরাত দিয়ে এনডিটিভি লিখেছে, বছরখানেক আগে লেপচা কলকাতা পুলিশে চাকরি পেয়েছিলেন। গতকাল ছুটি থেকে ফিরে কাজে যোগ দিয়েছিলেন। তার কাছে একটি সেলফ-লোডিং রাইফেল বা এসএলআর ছিল, সেটি দিয়েই তিনি গুলি চালান।

বাবলু শেখ নামে এক প্রত্যক্ষদর্শী পিটিআইকে বলেছেন, পুরো ঘটনাটি চার থেকে পাঁচ মিনিট ধরে চলে। তিনি ১০ থেকে ১৫টি গুলি ছোড়েন।

লেপচার সহকর্মীরা পুলিশকে বলেছেন, লেপচা মানসিক অবসাদে ভুগছিলেন।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, পার্ক সার্কাস সাত মাথার মোড় থেকে বেকবাগানে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের আউটপোস্টের দূরত্ব সামান্য। ওই কনস্টেবলের গুলিতে বেশ কয়েকজন আহতও হয়েছেন। পরে লেপচা নিজেও আত্মহত্যা করেন।

কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনের প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন বলেন, উপহাইকমিশনের পেছনের রাস্তার পরের রাস্তায় একটা ঘটনা ঘটেছে বলে আমরা শুনেছি। এটার সাথে উপহাইকমিশনের কোনো সম্পর্ক নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত