দেশে টানা আট দিন ধরে আবারও নতুন করে করোনা রোগী বাড়ছে। এমনকি ৫০ দিন পর গত চার দিন ধরে শনাক্ত হার ১ শতাংশের ওপরে অবস্থান করছে। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৬৪ জন। গত ২ জুন দেশে নতুন রোগী শনাক্ত হয়েছিল ২২ জন। সেদিন শনাক্ত হার ছিল শূন্য দশমিক ২২ শতাংশ। এরপর থেকে টানা আট দিন ধরে শনাক্তের সংখ্যা বাড়ছে। পাশাপাশি গত ৭ জুন থেকে শনাক্ত হার ১ শতাংশের ওপরে অবস্থান করছে।
গতকাল শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত এক দিনে নতুন শনাক্ত ৬৪ জনের মধ্যে ৫৫ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। বাকি নয়জনের মধ্যে কুষ্টিয়া ও জয়পুরহাটের দুজন করে এবং গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, রাজশাহী জেলায় একজন করে শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল সকাল পর্যন্ত এক দিনে ৪ হাজার ৭৫৫ জনের নমুনা পরীক্ষা করে ৬৪ জন নতুন রোগী পাওয়া গেছে। এতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৩৫ শতাংশ। আগের দিন এ হার ছিল ১ দশমিক ১৫ শতাংশ। মহামারীর মধ্যে সার্বিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৭৯ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন রোগী নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৯৩৫ এবং এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩১ জনের।
