সড়কে প্রাণ গেল দুই নারীর

আপডেট : ১১ জুন ২০২২, ০৩:১৭ এএম

গাজীপুরের কালিয়াকৈর ও ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার রাতে কালিয়াকৈর সূত্রাপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপারের সময় গাড়িচাপায় এক নারী নিহত হয়েছেন। তার নাম জুবেদা বেগম (৫৫)। তিনি টাঙ্গাইলের ঘাটাইল থানার তালতলা গ্রামের আবদুল হালিমের স্ত্রী।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, তিনি দিনাজপুর তার ছেলের বাসা থেকে গত বৃহস্পতিবার রাতে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় আসেন। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপারের সময় একটি গাড়ি তাকে চাপা দেয়। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ময়মনসিংহের ভালুকায় প্রাইভেট কার-অটো সংঘর্ষে রহিমা আক্তার (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় আকন্দবাড়ি মোড় এলাকায় ভালুকা-ঘাটাইল সড়কে এ ঘটনা ঘটে। রহিমা উথুরা গ্রামের মো. হারেছ আলীর স্ত্রী। ওই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত