হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় গভীর রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার মধ্যরাত ৩টা ২০ মিনিটে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানিয়েছেন, মধ্যরাতে খালেদা জিয়া হঠাৎ অসুস্থবোধ করেন। রাত ২টা ৫৫ মিনিটে তাকে নিয়ে গুলশানের বাসভবন থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেওয়া হয়। খালেদা জিয়াকে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে ভর্তি করা হয়েছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতারা এ সময় হাসপাতালে ছিলেন বলে জানান শায়রুল কবির খান।
এদিকে চেয়ারপারসনের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় শনিবার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে যুবদলের শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি স্থগিত করেছেন দলটির মহাসচিব।
আজ সকাল ১১টায় জিয়ার মাজারে যুবদলের ফুলেল শ্রদ্ধা জানানোর কথা ছিল।
