বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে আবার আইনি প্রক্রিয়া এবং আদালতে যেতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, ‘আদালতে যাওয়া ছাড়া খালেদা জিয়ার বিদেশে যাওয়ার রাস্তা খোলা নেই।’
গতকাল শনিবার সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া একজন সাজাপ্রাপ্ত আসামি। দেশের মাটিতে সর্বোচ্চ চিকিৎসা নেওয়ার জন্য যাতে কোনো সমস্যা না হয় সে ব্যবস্থা করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে হিসেবেই তার চিকিৎসাসেবার ব্যবস্থা গ্রহণ করেছেন তিনি।’
আসাদুজ্জামান খান বলেন, আদালত নির্দেশ দিয়েছেন যে শুধু দেশে থেকেই খালেদা জিয়া চিকিৎসা নিতে পারবেন। তাই খালেদা জিয়া যদি আরও কিছু চান, তাহলে তা আদালতে জানাতে হবে। আদালত সেক্ষেত্রে সিদ্ধান্ত দেবে।
সাম্প্রতিক সময়ে পুলিশের ওপর হামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ তাদের দায়িত্ব ঠিকমতোই পালন করছে। মাঝেমধ্যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, যেখানে পুলিশের ওপর আক্রমণ করা হয়েছে। এমন ঘটনা দুঃখজনক। যারা এমন ঘটনা ঘটিয়েছেন তাদের সংযত হওয়া উচিত ছিল। পুলিশের গায়ে হাত তুলবে পুলিশ বসে থাকবেÑএটা সঠিক নয়। পুলিশ তার দায়িত্ব সঠিকভাবে পালন করছে বলেই দেশে নিরাপত্তা রয়েছে এবং দেশের উন্নয়ন দুর্বার গতিতে হচ্ছে।
