টাঙ্গাইলে মধুপুরের অরণখোলা ইউপি নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। বিষয়টি নিশ্চিত করেছে মধুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা করুনা সিন্ধু চাকলাদার।
এর আগে ওই ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বুধবার বিকেলে উপজেলার অরনখোলা ইউনিয়নের আমলীতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রহিমের নির্বাচনী সভায় বিতর্কিত মন্তব্য করা হয়।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মির্জাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক সেদিন বলেন, “যারা নৌকা প্রতীকে ভোট দিতে চান না, তাদের ভোটকেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই। যারা নৌকায় ভোট দেবেন তারাই শুধু কেন্দ্রে আসবেন”।
তিনি বলেন, আমরা কেন্দ্রের আশপাশেই অবস্থান করব। এ কেন্দ্রে শতভাগ ভোট নৌকা প্রতীকের হতে হবে। কেন্দ্রে ২৪ শ ভোটের মধ্যে ২ হাজার ভোট কাস্টিং হলেও সেই দুই হাজার ভোট নৌকার থাকতে হবে।
তার ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
মধুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা করুনা সিন্ধু চাকলাদার বলেন, রবিবার রাতে নির্বাচন কমিশন থেকে মধুপুরের অরণখোলা ইউপিতে নির্বাচন স্থগিত রাখার নির্দেশনা দিয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে কী কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে চিঠিতে সেটা উল্লেখ করা হয়নি। পরবর্তিতে নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখতে বলা হয়েছে।
