পরীক্ষা দিতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে গাড়িচাপা

আপডেট : ১৩ জুন ২০২২, ০৪:১৪ এএম

মেহেরপুর শহরে মোটরসাইকেল দুর্ঘটনায় তৃষা আক্তার নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সে মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ছিল। গতকাল রবিবার দুপুরের দিকে খালাতো ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে করে পরীক্ষা দিতে যাওয়ার সময় ডিসি অফিসের সামনে একটি করিমন গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়। নিহত তৃষার বাড়ি মেহেরপুর সদর উপজেলার বামনপাড়ায়। তার বাবা আব্দুল মোমিন জেলা প্রশাসকের গাড়িচালক হিসেবে কর্মরত।

নিহত তৃষার খালাতো ভাই পলাশ জানান, সকালে বিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য বাসা থেকে মোটরসাইকেলে মেহেরপুর শহরে আসার সময় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পৌঁছালে সড়কে থাকা গতিরোধক পার হওয়ার সময় একটি করিমন গাড়ির সঙ্গে ধাক্কা লেগে সড়কের ওপরে তৃষাসহ দুজনই পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তৃষাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে মেহেরপুরের জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলমসহ সরকারি কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান বলেন, দুপুরে সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী তৃষা পরীক্ষা দিতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত