এক পৌরসভা ও দুই ইউপি নির্বাচন স্থগিত

আপডেট : ১৩ জুন ২০২২, ০৪:৩২ এএম

আইনি জটিলতা এড়াতে ঝিনাইদহ পৌরসভা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৫ জুন বুধবার ঝিনাইদহ পৌরসভা নির্বাচন হওয়ার কথা ছিল। ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান নির্বাচন স্থগিতের নির্দেশনা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, হাইকোর্টের আদেশ পালনের মাধ্যমে আইনগত জটিলতা এড়াতে ঝিনাইদহ পৌরসভার আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন স্থগিত রাখার বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে ইসি।

গত ২ জুন ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করার অভিযোগে নৌকার প্রার্থী আবদুল খালেকের প্রার্থিতা বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবদুল খালেক হাইকোর্টে রিট করলে ৮ জুন আদালত প্রার্থিতা বাতিলের আদেশ এক মাসের জন্য স্থগিত করে। ঝিনাইদহ রিটার্নিং কর্মকর্তা মো. অলিউল ইসলাম নির্দেশনা পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, হাইকোর্টের আদেশ এবং আইনগত জটিলতা এড়াতে পৌরসভা নির্বাচন স্থগিত করা হয়েছে।

দুই ইউপিতে নির্বাচন স্থগিত : টাঙ্গাইলে মধুপুর অরণখোলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তা করুণা সিন্ধু বিষয়টি নিশ্চিত করেছেন।   

ইসির উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত আদেশে বলা হয়, ১৫ জুন অনুষ্ঠিতব্য টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিমের পক্ষে মধুপুর উপজেলাধীন মির্জাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুল ইসলাম ঘোষণা দেন, ‘টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলাধীন অরণখোলা ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকায় যারা ভোট দিতে নারাজ, দয়া করে কেন্দ্রে আসবেন না। আমরা আশেপাশেই অবস্থান করব। এখানে ২৪০০ ভোট রয়েছে, যদি দুই হাজার ভোট কাস্ট হয়, আমরা দুই হাজার ভোটই পেতে চাই।’ তার এমন বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যা নির্বাচন বিধিমালা ও দণ্ডবিধি অনুযায়ী অপরাধ। এজন্য মধুপুর উপজেলাধীন মির্জাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুল ইসলামের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

এদিকে নৌকা প্রতীকের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে উত্তেজনায় নির্বাচনী পরিবেশ নিয়ে আতঙ্কের কারণে বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউপি নির্বাচন স্থগিত করে আদেশ জারি করেছে ইসি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত