ফারমার্স থেকে ঋণ নিয়ে আত্মসাৎ

১২ প্রতিষ্ঠানের নথি তলব দুদকের

আপডেট : ১৩ জুন ২০২২, ০৪:৪০ এএম

পদ্মা ব্যাংক লিমিটেডের (সাবেক ফারমার্স ব্যাংক) পাঁচ শাখা থেকে ৯০০ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ পাওয়ায় ১২ প্রতিষ্ঠানের নথি তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার সংস্থাটির প্রধান কার্যালয় প্রতিষ্ঠানগুলোর কাছে নথি চেয়ে চিঠি দিয়েছে। দুদকের সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

দুদক সূত্র জানায়, দুদকের পাঠানো চিঠিতে প্রতিষ্ঠাগুলোকে নথি ও রেকর্ডপত্রের সত্যায়িত কপি ১৬ জুনের মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। যেসব প্রতিষ্ঠানের নথি তলব করা হয়েছে সেগুলো হচ্ছেÑব্যাংকটির মতিঝিল শাখা থেকে ঋণ নেওয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড, নাহার ব্র্যান্ড অয়েল ইন্ডাট্রিজ লিমিটেড, এগ্রো এরিনা অ্যাসোসিয়েটস, আবেদা মেমোরিয়াল হসপিটাল প্রাইভেট লিমিটেড ও উইনসাম ইমপেক্স, গুলশান কর্পোরেট শাখা থেকে ঋণ নেওয়া চিটাগং ফিশারিজ, অ্যাপেল গ্লোবাল টেলি কমিউনিকেশনস লিমিটেড, গলফ ওরেন্ট সিওএস ও এগ্রোটেক অটো রাইস মিলস লিমিটেড, খাতুনগঞ্জ শাখা থেকে ঋণ নেওয়া শীতল এন্টারপ্রাইজ, শ্যামপুর শাখা থেকে ঋণ নেওয়া আল ফেরদৌস রি-রোলিং মিলস এবং ময়মনসিংহের হালুয়াঘাট শাখা থেকে ঋণ নেওয়া ফুলপুর ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

অভিযোগে বলা হয়েছে, ফারমার্স ব্যাংক লিমিটেডের কর্মকর্তাদের সহযোগিতায় ক্ষমতার অপব্যবহার করে নিয়মনীতির তোয়াক্কা না করে ঋণ দেওয়া, সুবিধা নিয়ে আর্থিক লাভবান হওয়ার উদ্দেশ্যে বাহকের হিসাব ব্যবহার করে আত্মসাৎ এবং বিদেশে অর্থ পাচার করা হয়েছে।

এই অভিযোগ অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছ দুদকের উপপরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী ও সহকারী পরিচালক সহিদুর রহমানকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত