বেসরকারি খাতে চীনা বিনিয়োগ অনেক কম

আপডেট : ১৩ জুন ২০২২, ১১:০৪ পিএম

সরকারিভাবে চীন বাংলাদেশের উন্নয়নের অন্যতম বড় অংশীদার। দেশের অনেক সরকারি প্রকল্পে চীন সরাসরি কাজ করে আসছে। কিন্তু চীন থেকে সরকারি অনেক বিনিয়োগ এলেও, সেই তুলনায় বেসরকারি খাতে চীনা বিনিয়োগ অনেক কম। গতকাল বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) মধ্যে এক সমঝোতা স্মারক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন বিডা নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম।

বিডা চেয়ারম্যান বলেন, বর্তমানে চীনা বিনিয়োগকারীরা বহির্বিশ্বে অনেক বেশি বেসরকারি বিনিয়োগ করছে, সেই সুযোগটা আমাদেরও গ্রহণ করতে হবে। এজন্য বেসরকারি খাতে অধিক হারে চীনা আকর্ষণের জন্য বিডা এবং বিসিসিসিআইকে একযোগে কাজ করে যেতে হবে।

অধিক হারে চীনা বিনিয়োগ বিকাশের লক্ষ্যে বিডা বিসিসিসিআইর মধ্যে এক  সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশে চীনা বিনিয়োগ প্রসারের জন্য বিডা ও বিসিসিসিআই সহযোগিতার ভিত্তিতে কাজ করেবে। বিসিসিসিআই ও বিডা যৌথভাবে পরামর্শ সভা, বিনিয়োগ সংলাপ, সম্মেলন, সেমিনার, গোলটেবিল বৈঠক, ফোকাস গ্রুপ আলোচনা এবং প্রদর্শনীর আয়োজন করবে।

সিরাজুল ইসলাম বলেন, আমাদের অর্থনীতিতে প্রায় ৭৯ শতাংশ বেসরকারি খাতের অবদান, তাই উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বেসরকারি খাতে অধিকহারে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে হবে। তিনি উল্লেখ করেন, বর্তমান বিশ্ববাণিজ্যের প্রায় ১৮ দশমিক ৬ শতাংশ এবং বিনিয়োগের প্রায় ১৫ শতাংশ চীন নিয়ন্ত্রণ করে থাকে। শুধু বিডার মাধ্যমেই চলতি অর্থবছরে নিবন্ধিত প্রস্তাবিত চীনা বিনিয়োগের পরিমাণ ৭৭০ মিলিয়ন ডলার, যা আগামী বছরগুলোতে আরও বেশি বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত