ইউনূসের মামলার কার্যক্রম স্থগিত, রুল নিষ্পত্তির নির্দেশ

আপডেট : ১৪ জুন ২০২২, ০২:০২ এএম

গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা দুই মামলার কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ। একই সঙ্গে মামলা বাতিল প্রশ্নে হাইকোর্টের দেওয়া রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ গতকাল সোমবার সংশোধিত এ আদেশ দেয়।

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ওনার (ড. ইউনূস) বিরুদ্ধে শ্রম আদালতে দুটি মামলা হয়েছিল। পরে হাইকোর্ট থেকে রুল ও স্থগিতাদেশ দেওয়া হয়। সেই স্থগিতাদেশের বিরুদ্ধে আমরা আপিল বিভাগে আবেদন করেছিলাম। আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া রুলটি দুই মাসের মধ্যে শুনানি করতে বলেছে। দুই মাস মামলার কার্যক্রম স্থগিত থাকবে বলে আদেশ হয়েছে।’ 

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গত বছরের ৯ সেপ্টেম্বর ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ টেলিকমের এমডি (ব্যবস্থাপনা পরিচালক) আশরাফুল হাসানসহ চারজনের বিরুদ্ধে মামলা করে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর। পরে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। গত বছরের ১২ ডিসেম্বর শুনানি শেষে মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের একটি বেঞ্চ। পাশাপাশি মামলা কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল দেয় হাইকোর্ট। পরে হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত ৬ জুন এ বিষয়ে আপিল বিভাগ আদেশ দিলেও গতকাল সংশোধিত আদেশ দেয় আপিল বিভাগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত