দিনাজপুর সদর উপজেলায় বাইসাইকেল চালিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে। তার নাম নাহিদ হাসান নয়ন (১৫)। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ১নং চেহেলগাজী ইউনিয়নের কোম্পানির মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সে দিনাজপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণি ছাত্র ও উপজেলার শশরা ইউনিয়নের বৈরাগীদীঘি স্কুলপাড়ার ফরিদুল ইসলামের ছেলে।
এদিকে টাঙ্গাইলের সখীপুরে বন্ধুর মোটরসাইকেল শখের বশে চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে তাসফিন আহমেদ (১৫) নামে আরেক স্কুলছাত্র নিহত হয়েছে। গত রবিবার নলুয়া-টাঙ্গাইল সড়কের কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাসফিন নলুয়া ইউরেকা মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ও আড়ালিয়াপাড়ার গ্রামের নজরুল ইসলামের ছেলে।
দিনাজপুর প্রতিনিধি জানিয়েছেন, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে স্কুল শেষে নাহিদ হাসান ও তার দুই বন্ধু পৃথক তিনটি বাইসাইকেলে দিনাজপুর শহরের দিকে আসছিল। পথে কোম্পানির মোড়ে একটি ইজিবাইককে ওভারটেক করার সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক নাহিদকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১২টায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানিয়েছেন, মোটরসাইকেল চালাতে গিয়ে নিজে নিজেই পড়ে গিয়ে মাথায় আঘাত পায় তাসফিন। এরপর তাকে উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাতে তার মৃত্যু হয়।
বগুড়ায় নিহত ২ : বগুড়া সংবাদদাতা জানান, ট্রাক ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে নন্দীগ্রাম পৌর এলাকার ওমরপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নন্দীগ্রামের কুস্তা গ্রামের আবদুল খালেক (৬৫) ও নাটোরের সিংড়ার কাসুপিয়া গ্রামের মো. বাবলু মিয়া (৫০)।
নন্দীগ্রাম থানার এসআই তারিকুল ইসলাম জানান, রণবাঘা থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা নদীগ্রামের দিকে যাচ্ছিল। পথে ওমরপুর বাসস্ট্যান্ডে পৌঁছলে নাটোরগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান এবং গুরুতর আহত হন আরও চার যাত্রী। ট্রাক ও সিএনজি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নাচোলে ভ্যানচালক নিহত : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মোড়ে পিকআপ ভ্যানের সঙ্গে রিকশাভ্যানের সংঘর্ষে ভ্যানচালক রাকিব হোসেন (৫৫) নিহত হয়েছেন। নিহত রাকিব নাচোলের বটতলা ডাকাতপুকুর গ্রামের হেরাস মন্ডলের ছেলে।
নাচোল থানার ওসি মিন্টু রহমান জানান, দুপুর ১টার দিকে নওগাঁর পোরশা থেকে নাচোল অভিমুখে আসা একটি পিকআপ ভ্যান লক্ষ্মীপুর মোড়ে মাটির হাঁড়ি-পাতিলবাহী রিকশাভ্যানের সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক রাকিব ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পিকআপ ভ্যান আটক করা হলেও এর চালক পলাতক।
