ফাইজারের টিকা ছোট শিশুদের জন্য নিরাপদ

আপডেট : ১৪ জুন ২০২২, ০২:০৬ এএম

করোনাভাইরাস মহামারী প্রতিরোধে যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান ফাইজারের কভিড-১৯ টিকা ৬ মাস থেকে ৪ বছর বয়সী শিশুদের ব্যবহারের জন্য কার্যকর ও নিরাপদ। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধবিষয়ক প্রধান নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) পর্যালোচকরা এই তথ্য জানিয়েছেন।

গতকাল সোমবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত রবিবার সন্ধ্যায় প্রকাশিত নথির ব্রিফিংয়ে এফডিএ পর্যালোচকরা বলেছেন, তাদের মূল্যায়নে ছোট বাচ্চাদের করোনা টিকা ব্যবহারের সঙ্গে সম্পর্কিত নতুন কোনো সুরক্ষা উদ্বেগ খুঁজে পাওয়া যায়নি।

আগামী ১৫ জুন সংস্থার বাইরের উপদেষ্টাদের সঙ্গে এফডিএ’র একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। আর এর আগেই ফাইজারের ট্রায়ালের তথ্যের বিষয়ে এফডিএ’র বিশ্লেষণ প্রকাশিত হলো। এখন বহিরাগত উপদেষ্টাদের সুপারিশেই ভ্যাকসিনের বিষয়ে এফডিএ’র সিদ্ধান্ত নির্ধারণ হবে। এফডিএ কর্মীরা পর্যালোচনায় বলেছেন, ‘হাতে পাওয়া তথ্য অনুযায়ী ফাইজার-বায়োএনটেকের তিন ডোজের প্রাথমিক সিরিজের ভ্যাকসিন ৬ মাস থেকে ৪ বছর বয়সী শিশুদের মধ্যে করোনাভাইরাস প্রতিরোধে কার্যকর বলে দেখা গেছে।’

এর আগে ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর ১০ জন উপসর্গযুক্ত করোনা রোগীর ওপর ফাইজারের টিকার কার্যকারিতার প্রাথমিক বিশ্লেষণে ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে এই টিকার কার্যকারিতা ৮০.৩ শতাংশ বলে দেখা গিয়েছিল। ৬ বছরের কম বয়সী শিশুদের করোনা টিকা দেওয়ার বিষয়টি এখনো বিশ্বের বেশিরভাগ দেশে অনুমোদিত নয়। এছাড়া ৫ থেকে ১১ বছর বয়সী বাচ্চাদের টিকা নেওয়ার চাহিদা কম থাকায় কতজন অভিভাবক তাদের বাচ্চাদের টিকা দেবেন তা এখনো স্পষ্ট নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত