সীতাকুন্ড ট্র্যাজেডি

ডিপো থেকে আরও এক মরদেহ উদ্ধার

আপডেট : ১৪ জুন ২০২২, ০২:০৭ এএম

বিস্ফোরণে বিধ্বস্ত সীতাকুন্ডের বিএম কনটেইনার ডিপো থেকে আরও একজনের মরদেহের দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা ৩টার দিকে ডিপোর ভেতরে শেডের নিচে চাপা পড়া অবস্থায় ওই দেহাবশেষ পাওয়া যায়। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়াল ৪৯ জনে।

সীতাকুন্ড থানার পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা সুমন বণিক বলেন, দুপুরে ঘটনাস্থল পরিদর্শনের সময় শেডের নিচে চাপা পড়া অবস্থায় একটি দেহাবশেষের কিছু হাড়গোড় দেখতে পাই। আমরা আপাতত এটিকে একটি মরদেহের দেহাবশেষ হিসেবে ধরছি। উদ্ধার করা দেহাবশেষ ডিএনএ পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গত ৪ জুন রাতে সীতাকুন্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর গ্রামে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার এক ঘণ্টা পর একটি বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর একের পর এক বিস্ফোরণে তা পুরো ডিপোজুড়ে ছড়িয়ে পড়ে। ডিপোতে থাকা রাসায়নিকের কারণে ছড়িয়ে পড়া ওই আগুন প্রায় ৮৬ ঘণ্টা পর বিভিন্ন বাহিনীর চেষ্টায় নেভানো হয়।

ভয়াবহ ওই অগ্নিকান্ড ও বিস্ফোরণে প্রথমে ৪১ জনের লাশ উদ্ধার করা হয়। এরপর ৭ জুন দুর্ঘটনাস্থল থেকে আরও দুজনের দেহাবশেষ উদ্ধার করা হয়। পরদিন সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। ওইদিন সন্ধ্যায় ডিপোর ভেতরে আরও দুজনের দেহাবশেষ পাওয়া যায়। সর্বশেষ গত রবিবার ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফায়ার সার্ভিসকর্মী গাউসুল আজম। আর চট্টগ্রামের বেসরকারি পার্ক ভিউ হাসপাতালে মারা যান কনটেইনার ডিপোর আরেক কর্মী নুরুল কাদের।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত