ব্রেইন ডেথ ১ জন রোগী থেকে ৮ জনের প্রাণ বাঁচানো সম্ভব বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘একজন ব্রেইন ডেথ রোগীর ২টি কিডনি ২ জনকে, ১টি লিভার ১ জনকে, ২টি লাং ২ জনকে, হৃদযন্ত্র ১ জনকে, অন্ত্র ১ জনকে, অগ্ন্যাশয় ১ জনকে দান করে জীবন বাঁচাতে পারে।’
গতকাল সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কিডনিসহ অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন বিষয়ক ‘জাতীয় ক্যাডাভেরিক কমিটি’র গোলটেবিল বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। উপাচার্য বলেন, ‘ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট অন্যান্য ট্রান্সপ্লান্ট থেকে সহজ।’
অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগামী ৬ মাসের মধ্যে লিভার ট্রান্সপ্লান্ট পুনরায় শুরু হবে। আমরা এ বছরের মধ্যেই ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট বাস্তবায়ন করতে চাই। আমরা লিভার ও ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্টের কাজে সবার সহযোগিতা কামনা করি। বিশেষ করে গণমাধ্যমের ভূমিকা এখানে অনেক বেশি। গণমাধ্যম যদি ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্টের গুরুত্ব প্রচার করে তাহলে আমাদের কাজ সহজ হবে। জনগণও এতে উপকৃত হবে। গণমাধ্যমের কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে চাই।’
গোলটেবিল বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যাডাভেরিক সেলের প্রধান ও প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের অর্গান ট্রান্সপ্লান্ট সোসাইটির সভাপতি কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হারুন উর রশীদ প্রমুখ।
