অর্থ পাচার মামলা

মোহতেশামকে জামিন দেয়নি হাইকোর্ট

আপডেট : ১৫ জুন ২০২২, ০২:০০ এএম

অর্থ পাচারের অভিযোগে করা মামলায় সাবেক স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ভাই খোন্দকার মোহতেশাম হোসেন বাবরের জামিনের আবেদন খারিজ হয়ে গেছে। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ তার আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয়। এতে করে মোহতেশাম বাবরকে আপাতত কারাগারেই থাকতে হচ্ছে এবং জামিনের আবেদন করলে নতুন করে আইনি প্রক্রিয়ায় যেতে হবে বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা।

অর্থ পাচারের মামলায় অভিযুক্তদের মধ্যে মোহতেশাম বাবরকে মূল হোতা উল্লেখ করে হাইকোর্ট বলে, এ ঘটনায় সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে। এ ধরনের অপরাধে আসামিরা অনুকম্পা পেতে পারে না।

২ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে ফরিদপুরের আলোচিত দুই ভাই বরকত ও রুবেলের বিরুদ্ধে ২০২০ সালের ২৬ জুন রাজধানীর কাফরুল থানায় মামলা করে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এতে বলা হয়, ২০১০ সাল থেকে ফরিদপুরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সড়ক বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কাজের ঠিকাদারি নিয়ন্ত্রণ, মাদক কারবার ও ভূমি দখল করে বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন তারা। তদন্ত শেষে ২০২১ সালের ৩ মার্চ ১০ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি। এই মামলার অভিযুক্তপত্রভুক্ত আসামি মোহতেশাম বাবরকে গত ৭ মার্চ দিবাগত রাতে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়। গত ২৪ মার্চ তার জামিনের আবেদন নামঞ্জুরের আদেশ দেয় ঢাকার একটি আদালত। পরে জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি। গত ১৭ মে তার জামিন প্রশ্নে রুল দেয় হাইকোর্ট।

গতকাল মোহতেশাম বাবরের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সৈয়দ মিজানুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী দেশ রূপান্তরকে বলেন, ‘তার আইনজীবীরা আবেদনটি প্রত্যাহার করে নিয়েছেন। এখন তার জামিন প্রশ্নে হাইকোর্টের যে রুলটি ছিল, সেটিও খারিজ হয়ে গেছে। জামিন চাইতে তাকে আবারও নিম্ন আদালত হয়ে হাইকোর্টে আসতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত