ইসির চিঠির ভাষা ঠিক ছিল না : বাহারপত্নী

আপডেট : ১৫ জুন ২০২২, ০২:০২ এএম

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারকে দেওয়া নির্বাচন কমিশনের (ইসি) নোটিসটা ঠিক হয়নি বলে দাবি করেছেন তার স্ত্রী মেহেরুন্নেসা বাহার। তার ভাষ্য, ‘চিঠির ভাষাটা একেবারেই ঠিক ছিল না।’ তিনি মনে করেন, চিঠিটা উদ্দেশ্যপ্রণোদিত।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা ক্লাবে সাংবাদিকদের কাছে এ দাবি করেন মেহেরুন্নেসা বাহার।

কুমিল্লা ক্লাবে সংসদ সদস্য বাহার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন এমন দাওয়াত পেয়ে সাংবাদিকরা সেখানে যান। তবে সংসদ সদস্য না এসে তার স্ত্রী কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। বাহারের না আসার কারণও ব্যাখ্যা করেন মেহেরুন্নেসা।

বাহারপতœী বলেন, ‘আপনাদের সঙ্গে ওনার দেখা করার কথা ছিল। আপনাদের সঙ্গে মতবিনিময় করার কথা ছিল। ওনার মনে হয়েছে, যেহেতু উনি নির্বাচনী কোনো কর্মকাণ্ডে ছিলেন না, সেজন্য এখানে আসেন নাই। সেজন্য আমি আপনাদের সঙ্গে মতবিনিময় করতে এসেছি।’

মেহেরুন্নেসা বলেন, ‘উনি কুমিল্লা-৬ আসনের এমপি। এখানে কোনো সমস্যা হলে সবার আগেই তিনি আসবেন। তাই না? উনি তো কোনো প্রচারে ছিলেন না। উনি এমপি, উনি ঘরে থাকবেন। ঘর তো বন্ধ করে দেওয়া যাবে না। মহানগর পার্টি অফিস কীভাবে বন্ধ করবে? সভাপতি কি লুকিয়ে থাকবেন?’

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠার পর গত ৮ জুন ইসি সংসদ সদস্য বাহারকে এলাকা ছাড়ার অনুরোধ জানিয়ে চিঠি দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত