চট্টগ্রামের আনোয়ারা

নৌকার প্রচারে স্বতন্ত্র ৫ প্রার্থীর সমর্থকদের জোটবদ্ধ হামলা

আপডেট : ১৫ জুন ২০২২, ০২:১৬ এএম

চট্টগ্রামের আনোয়ারার পরৈকোড়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আজিজুল হক চৌধুরীর গণসংযোগে হামলা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় ওই ইউনিয়নের ছত্তারহাট ও ওষখাইন এলাকায় আলাদা আলাদা ওই হামলা হয়। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। হামলায় ইউপি চেয়ারম্যান ও পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

এদিকে পরৈকোড়া ইউপি উপনির্বাচনের পাঁচ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা একজোট হয়ে আজিজুল হক চৌধুরীর গণসংযোগে ওই হামলা করে বলে অভিযোগ উঠেছে। তবে এর আগে স্বতন্ত্র প্রার্থী নাজিম উদ্দিন সুজনের ওপর নৌকা প্রার্থীর সমর্থকদের হামলার অভিযোগ ওঠে। এর জেরে সুজনের কয়েকশ সমর্থক লাঠিসোঁটা নিয়ে ছত্তারহাট এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। এ সময় তারা ১০টির বেশি মোটরসাইকেল ভাঙচুর ও দুটিতে আগুন লাগিয়ে দেয়। যার ফলে ছত্তারহাট-মুরালি সড়কে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

হামলায় আহত ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত সোমবার নির্বাচনী প্রচারণার শেষ দিনে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে পরৈকোড়া ইউনিয়নের ছত্তারহাট ও ওষখাইনসহ বিভিন্ন জায়গায় প্রচারণা চালায়। গণসংযোগের শেষ দিকে পাঁচ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা একজোট হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোয়াব আলী, চাতরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইয়াছিন হিরো, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী, পুলিশ কনস্টেবল কামাল উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা জালাল উদ্দিন, সাইফুল্লাহ খান চৌধুরী, জাহাঙ্গীর মেম্বার, বেলাল উদ্দিন, জাকারিয়া, আবদুল্লাহ আল হারুন ও মো. ইয়াছিনসহ নৌকার অন্তত ৩০ জন সমর্থক আহত হন। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতদের অভিযোগ, পাঁচ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্দেশে তাদের সমর্থকরা একজোট হয়ে হামলা চালিয়েছে। নৌকা প্রতীকের প্রার্থী আজিজুল হক চৌধুরী বাবুল দেশ রূপান্তরকে বলেন, ‘স্বতন্ত্র পাঁচ চেয়ারম্যান প্রার্থী একজোট হয়ে ইউনিয়নের প্রবেশমুখগুলো ঘিরে প্রচারণায় অংশ নেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।’

তবে স্বতন্ত্র প্রার্থী নাজিম উদ্দিন সুজন অভিযোগ করে বলেন, নৌকার সমর্থকরা তার ওপর হামলা ও নির্বাচনী অফিস ভাঙচুর করেছে।

আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালেক দেশ রূপান্তরকে বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা এক হয়ে হামলা চালিয়েছে। এ সময় অসংখ্য মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও নৌকার নির্বাচনী অফিস ভাঙচুর করেছে তারা। মাইকে প্রচার চালিয়ে হামলা চালানো হয়। এতে ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা করা হবে।’

আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত