ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের পর চুয়েট বন্ধ ঘোষণা

আপডেট : ১৫ জুন ২০২২, ০২:১৭ এএম

ছাত্রলীগের বিবদমান দুই পক্ষের সংঘর্ষের পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ফারুক-উজ-জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। একই সঙ্গে গতকাল বিকেল ৫টার মধ্যে ছেলেদের হল এবং আজ বুধবার সকাল ১০টার মধ্যে মেয়েদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

এর আগে গত রবিবার ও শনিবার ক্যাম্পাসে দফায় দফায় সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুই পক্ষ। এর মধ্যে এক পক্ষ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসানের অনুসারী। অপর পক্ষটি সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। বাস দেরিতে ছাড়া নিয়ে ওই মারামারি হয় বলে জানা গেছে। দুই পক্ষের মারামারির পর গত সোমবার বিশ্ববিদ্যালয়ের ১২ বিভাগের ২ হাজার ৮০০ শিক্ষার্থী ক্লাস বর্জন করেছিলেন।

চুয়েট বন্ধের বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গতকাল থেকে আগামী ২১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম ও আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রভোস্ট এবং ছাত্রকল্যাণ পরিচালকের সমন্বয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই সভা চলে।

তবে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলেও স্নাতকোত্তর পর্যায়ের চলমান সব একাডেমিক কার্যক্রম যথারীতি অব্যাহত থাকবে। গতকাল রাতে দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী।

এদিকে ছাত্রলীগের সংঘর্ষের জেরে গতকাল সকাল থেকে ক্যাম্পাসে হেলমেটধারীদের টহল দেখা গেছে। ভোর ৫টা থেকে সশস্ত্র অবস্থায় হলুদ হেলমেট পরা ১৫-২০ জনের একটি দল বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে অবস্থান নেয়। হেলমেটধারী ওই তরুণদের কারণে বিশ্ববিদ্যালয়ের ১২টি বিভাগের কোনো শিক্ষার্থী গতকাল ক্লাসে যেতে পারেনি বলে অভিযোগ উঠেছে। এছাড়া সকাল ৬টায় বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী পরিবহনের বাস চট্টগ্রাম শহরের উদ্দেশে রওনা দিলে হেলমেটধারীরা বাসগুলো আটকে পুনরায় গ্যারেজে ফেরত পাঠিয়ে দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত