ব্যাংকের কেনাকাটায় পর্ষদ জড়িত থাকতে পারবে না

আপডেট : ১৫ জুন ২০২২, ১১:৫৩ পিএম

ব্যাংকের ব্যবহারের জন্য কোনো কিছু কিনতে হলে পরিচালনা পর্ষদের কোনো সদস্য বা তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান সম্পৃক্ত হতে পারবে না। এ বিষয়ে গতকাল বুধবার সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ। এর আগে ব্যাংক পরিচালনায় স্বার্থের সংঘাত পরিহার ও সুশাসন নিশ্চিত করতে ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর ১৮(২) ধারার বিধান পরিপালনের লক্ষ্যে ২০২১ সালের ২১ জানুয়ারি সার্কুলার জারি করা হয়। তাতে বলা ছিল, প্রত্যেক ব্যাংকের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও তার নিচের দুই স্তর পর্যন্ত কর্মকর্তাদের নিজ নিজ এবং পারিবারিক ব্যবসায়িক স্বার্থসংশ্লিষ্টতার বিবরণ বার্ষিক ভিত্তিতে পর্ষদে দাখিলের নির্দেশ দেওয়া হয়। তবে সম্প্রতি ব্যাংকের প্রয়োজনীয় পণ্য, সেবা ইত্যাদি প্রকিউরমেন্ট তথা ক্রয় ও সংগ্রহ সম্পর্কিত কার্যক্রমে কোনো কোনো ব্যাংকের পরিচালক বা পরিচালকের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে বলে বাংলাদেশ ব্যাংকের নজরে এসেছে। যা ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠায় অন্তরায় বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংক।

আমানতকারীসহ অন্যান্য গ্রাহক এবং ব্যাংকের স্বার্থকে প্রাধান্য দিয়ে নতুন করে সার্কুলার দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত